শিরোপা লড়াইয়ে টিকে থাকল আল নাসের

সৌদি প্রো লিগে শনিবার রাতে আল-হাজেমের মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে আল নাসের। তাতে তিন পয়েন্ট নিশ্চিত করেছে সফরকারী দলটি। এই জয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকল ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
বুরাইদার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আল নাসের। ম্যাচের ২৬তম মিনিটে জোয়াও ফেলিক্সের পাসে গোল করেন সামু কোস্তা। ভিএআর যাচাইয়ের পর গোলটি বৈধতা পায়। এগিয়ে খেকে বিরতিতে যায় সৌদি ক্লাবটি।
বিরতি থেকে ফিরে এসে দুইদল আক্রমণ চালালেও কেউ আর গোলের দেখা পায়নি। যার ফলে প্রথমার্ধের পাওয়া গোলে জয় নিশ্চিত হয় আল নাসেরের।
এই জয়ে লিগে ১৩ ম্যাচে ১০ জয়, ১ ড্র ও ২ হারে ৩১ পয়েন্ট সংগ্রহ করল আল নাসের। সমান ৩১ পয়েন্টে গোল ব্যবধানে শীর্ষে থাকা আল কাদসিয়াহ ও ৩০ পয়েন্টে থাকা আল-হিলালের সঙ্গে শিরোপা লড়াইয়ে ভালোভাবেই টিকে রইল দলটি। অন্যদিকে সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৫তম স্থানে অবস্থান করছে আল-হাজেম।






