গেল ৭ এপ্রিল বগুড়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সংগীত আসর ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’। সেদিন সন্ধ্যায় বগুড়ার মম ইন-এর উন্মুক্ত প্রাঙ্গণে বসে এই তারকাবহুল বর্ণাঢ্য এই আয়োজন।
সেই আয়োজনটি এবার চ্যানেল আইয়ের পর্দায় প্রচারে আসছে। আগামী শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ২:৪৫ মিনিটে তারকাখচিত ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’ প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায়।
পুরো আয়োজনের প্রকল্প পরিচালক ছিলেন নির্মাতা রাজু আলীম। তিনি বলেন, চ্যানেল আই-তে প্রচারের মাধ্যমে ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’ শুধু বাংলাদেশ নয়, বিশ্ববাসী দেখতে পাবেন। এই আয়োজন সফল করতে শিল্পী থেকে শুরু করে স্পন্সরে যারা যুক্ত ছিলে প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাই।
সমবেত সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ‘ধনধান্যে পুষ্পে ভরা’ ও ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানের মাধ্যমে তৈরি হয় আবেগঘন পরিবেশ। শুরু থেকেই মঞ্চে ছিল প্রবীণ ও নবীন শিল্পীদের মিলনমেলা।
উদ্বোধনী পর্বে বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম। এ সময় সংগীতশিল্পীদের অবদানের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সম্মাননা প্রদান পর্ব। কিংবদন্তি শিল্পী কনকচাঁপা-কে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। তুমুল করতালির মধ্য দিয়ে তাকে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন আয়োজক ও অতিথিরা। পাশাপাশি বিশেষ সম্মাননা পান লোকসংগীতের জনপ্রিয় শিল্পী কাঙ্গালিনী সুফিয়া।
এছাড়া মোট ১৮টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে আধুনিক গানে শ্রেষ্ঠ শিল্পী হয়েছেন লিজা (খুব প্রিয় আমার), ইউটিউব থেকে কমপক্ষে একলক্ষবার ভিউ এবং ১৫০০ লাইক প্রাপ্ত আধুনিক গানে এঞ্জেল নূর (যদি আবার), আধুনিক গানে শ্রেষ্ঠ সুরকার বাপ্পা মজুমদার (অবশেষে), আধুনিক গানের শ্রেষ্ঠ গীতিকার তারেক আনন্দ (প্রেমবতী ), এবং শাহনাজ কাজী ( মা), শ্রেষ্ঠ ব্যান্ড মেট্রিক্যাল (গণতন্ত্রের ঘুড়ি), শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সেতু চৌধুরী (গণতন্ত্রের ঘুড়ি), শ্রেষ্ঠ দ্বৈত সংগীত শিল্পী ইমরান ও সিঁথি সাহা (প্রেম বুঝি), শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী বিউটি ( চার চাঁদে দিচ্ছে ঝলক), ইউটিউবে ১ লক্ষবার ভিউ এবং ১৫০০ লাইক প্রপ্ত লোকসংগীত লটারির মাধ্যমে বিজয়ী শরিফ উদ্দিন দেওয়ান সাগর (মা লো মা), শ্রেষ্ঠ ছায়াছবির গান আতিয়া আনিসা (ছোট্ট সোনা), ইউটিউবে কমপক্ষে একলক্ষবার ভিউ এবং ১৫০০ লাইক প্রাপ্ত ছায়াছবির গান লটারির মাধ্যমে বিজয়ী দিলশাদ নাহার কনা (দুষ্টু কোকিল), ছায়াছবির গানে শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন (ছোট্ট সোনা), ছায়াছবির গানে শ্রেষ্ঠ গীতিকার রোহিত সাধুখাঁ (বেঁচে যাওয়া ভালোবাসা), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা তানভীর তারেক (পাখি আমার নীড়ের পাখি), শ্রেষ্ঠ নজরুল সংগীত শিল্পী শহিদ কবির পলাশ (সৃজন ছন্দে), শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত শিল্পী নাশিদ কামাল (সব সখিয়া চলো), শ্রেষ্ঠ নবাগত শিল্পী সভ্যতা (অধিকার) এবং শ্রেষ্ঠ অডিও কোম্পানি হিসেবে সম্মাননা পেয়েছে বেঙ্গল মিউজিক।বাংলাদেশ সংবাদ
পুরস্কার বিতরণের পাশাপাশি ছিল মনোমুগ্ধকর পরিবেশনা। মঞ্চ মাতান কিংবদন্তী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। এছাড়াও কোনাল, ঝিলিক, ইমরান মাহমুদুল, লিজা, লুইপা, সালমা, শফিক তুহীনসহ জনপ্রিয় শিল্পীরা পরিবেশনায় অংশ নেন। বিশেষ পারফরম্যান্সে অংশ নেন অভিনেত্রী অপু বিশ্বাস ও অভিনেতা আদর আজাদ। উপস্থাপনায় ছিলেন অপু মাহফুজ ও নীল হুরেজাহান।
বগুড়ার মম ইন-এর উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এই মহাযজ্ঞে আরো উপস্থিত আছেন টিএমএসএস এর প্রধান উপদেষ্টা ডাক্তার মওদুদ হোসেন পাবেল, অন্য প্রকাশের মাজহারুল ইসলাম, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব সানাউল আরেফিন, ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বাধীনতা পদক প্রাপ্ত মুকিত মজুমদার বাবু, প্রখ্যাত টিভি উপস্থাপক জিল্লুর রহমান, গুণী অভিনেত্রী আফসানা মিমি, প্রকল্প পরিচালক রাজু আলীমসহ বগুড়ার স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২০০৪ সালে যাত্রা শুরু করা এই আয়োজন এবার ২০ বছরে পা রেখে নতুন উচ্চতায় পৌঁছেছে। আয়োজকদের মতে, ঢাকার বাইরে বগুড়ায় এমন বৃহৎ আয়োজন দেশের সংগীতকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সব মিলিয়ে, দুই দশকের ঐতিহ্য ধারণ করে বগুড়ার মাটিতে অনুষ্ঠিত এই আয়োজন হয়ে উঠেছে এক বর্ণাঢ্য, তারকাখচিত এবং স্মরণীয় সংগীত উৎসব।








