‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’এর কার্যক্রম শুরু

চ্যানেল আই অনলাইন এর ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে অতিথিরা বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রথম ও দ্বিতীয়বার ব্যাপক সাড়া পাওয়ার পর এবার তৃতীয়বারের মত শুরু হলো আইসিটি ডিভিশন প্রেজেন্টস ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’ এর কার্যক্রম।
গেল দুই বছর ধরে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে কেন্দ্র করে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি শুরু করে চ্যানেল আই। দুই বারের আয়োজনেই অনলাইন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক সারা ফেলে অনুষ্ঠানটি। সেই সঙ্গে এবার বাড়তি পাওনা হিসেবে অনুষ্ঠানটিতে যুক্ত হচ্ছে চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’র নানান কনটেন্ট।
জুড়ি বোর্ডের বিচারে ও দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে এবার মোট ২১টি ক্যাটাগরিতে প্রদান করা হয় এ পুরস্কার। গেল দুই বারের মত এবারও পুরস্কার প্রদানের পাশাপাশি পুরো অনুষ্ঠানজুড়ে থাকবে নানা ধরনের বিনোদনমূলক পরিবেশনা।
এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি এবং মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আতাউর রহমান।
সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটি সম্পর্কে শাইখ সিরাজ বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি বলেন, আমরা যখন এই আয়োজনটি শুরু করি তখন ভাবিনি এতটা সাড়া ফেলবে এটা। এবারের আয়োজনে আমরা মূলত ২০২২ সালের ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র, সংগীতসহ অন্যান্য ক্যাটাগরিগুলো নির্বাচিত করা হবে। ২০২৩ সালে সেই তালিকাগুলো থেকেই অ্যাওয়ার্ডটি প্রদান করা হবে।
তিনি জানান, যারা ২০২২ সালের ওটিটির কন্টেন্টগুলো ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’ এর জন্য ভাবছেন, তারা যেন নির্দিষ্ট এড্রেসে আগামি জুনের শেষ পর্যন্ত জমা দিতে পারবেন। দক্ষ জুরি বোর্ডের মাধ্যমে ২০২২ সালের সেরা ওটিটি কন্টেন্ট নির্বাচন করা হবে। মূল অনুষ্ঠানটি হবে সেপ্টেম্বরের ১ তারিখ।
সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের উন্নয়নে আইসিটি ডিভিশন সূচনা থেকেই অগ্রগামী ভূমিকা পালন করে যাচ্ছে। তারুণ্য নির্ভর এই অনুষ্ঠানে আইসিটি ডিভিশনের সম্পৃক্ততা নিঃসন্দেহে তরুণদের বিশেষভাবে অনুপ্রাণিত করবে। সেই সাথে অনুষ্ঠানটিকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়।
মঞ্চসারথী আতাউর রহমান বলেছেন, চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি খুবই চমৎকার একটি আয়োজন। গেল দুই বছর সফলভাবে এই আয়োজন সম্পন্ন করেছে চ্যানেল আই। আমি আশাবাদী এবারের আয়োজন আগের চেয়েও বেশ জমজমাট ভাবে অনুষ্ঠিত হবে।






