শিরোপা কেড়ে নিলেও সিটির প্রতি ভালোবাসা বদলাবে না ডি ব্রুইনের

প্রিমিয়ার লিগে আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির শিরোপা কেড়ে নেয়ার বিষয়টি বেশ আলোচনায় এসেছে। সেটি নিয়ে এবার মুখ খুললেন দলটির সাবেক অধিনায়ক কেভিন ডি ব্রুইনে। বেলজিয়ামের এই তারকা জানিয়েছেন, শিরোপা কেড়ে নিলেও ম্যানসিটির প্রতি তার ভালোবাসার কোন পরিবর্তন হবে না।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বে ডি ব্রুইনের সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটি বিপক্ষে মুখোমুখি হবে তার বর্তমান ক্লাব নাপোলি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় রাত ২টায়। সিটির বিপক্ষে দ্বিতীয়বারের মতো মাঠে নামবেন ৩৫ বর্ষী এই তারকা।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ডি ব্রুইনে জানান, ক্লাবটির প্রতি গভীর ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। সিটি যদি তাদের ঘরোয়া শিরোপাগুলো ছেড়ে দিতেও বাধ্য হয় তবুও তার এই অনুভূতির কোন পরিবর্তন হবে না।
তিনি বলেছেন, ‘একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আমি যা অর্জন করেছি তা নিয়ে আমি গর্বিত। সত্যি বলতে এটিই আমার ক্লাব। আমি ক্লাবটির মালিকদের পছন্দ করি। ফুটবলের বাইরেও তাদের সঙ্গে আমার অনেক বিষয়ে কথা হয়েছে। এমনকি খালদুনের (ক্লাবটির মালিক) সঙ্গে তো ক্লাব কেনার উপায় নিয়েও আলোচনা করেছি।’
সিটি জার্সিতে এক দশক কাটিয়েছেন ডি ব্রুইনে। সেসময় ৬টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়ন লিগ এবং ২টি এফএ কাপ শিরোপা জিতেছেন তিনি। যার মধ্যে ২০২২/২৩ মৌসুমে সিটিজেনদের হয়ে একসঙ্গে এই তিনটি বড় শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। সিটির হয়ে ৪২২ ম্যাচে ১০৮ গোলে এবং ১৭৭ অ্যাসিস্ট আছে তার। ২০২৫ সালের দলবদলে ফ্রিতে তিনি নাপোলিতে যোগ দেন।






