চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় পিএসজি। ঘরের মাঠে হারের পর ফিরতি লেগে বায়ার্নের মাঠে রাতে মুখোমুখি হবে দল দুটি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কাইলিয়ান এমবাপে জানিয়ে দিয়েছেন, কেবল জয়ের জন্যই লড়বেন। অন্যদিকে বায়ার্ন স্ট্রাইকার থমাস মুলার বলেছেন, এমবাপেকে রুখে দেয়ার কৌশল জানা আছে তাদের।
নকআউট পর্বের ফিরতি লেগে বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় লিয়াম নাগেলসম্যানের বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ক্রিস্তোফ গালতিয়েরের পিএসজি।
দুদলের পরিসংখ্যান বলছে সমানে সমান লড়েছে ক্লাব দুটি। চ্যাম্পিয়ন্স লিগে এপর্যন্ত বায়ার্নের বিপক্ষে ১২ বার নেমেছে পিএসজি। ফরাসিদের ৬ জয়ের বিপরীতে জার্মানদের জয় বাকি ৬টিতে।
২০২০-২১ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে একে অপরের বিপক্ষে নেমেছিল দল দুটি। প্রথম লেগে মিউনিখের বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর দ্বিতীয় লেগে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে গালতিয়েরের দল। দুই লেগ মিলিয়ে অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় পরের রাউন্ডে যায় ফরাসি জায়ান্টরা।
এরআগে ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুদল। ১-০ গোলে ফরাসিদের স্বপ্ন ভেঙে নিজেদের ষষ্ঠ শিরোপা উঁচিয়ে ধরেছিল জার্মান জায়ান্টরা। বিপরীতে ফরাসিদের নেই কোনো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৩ ম্যাচে জয়ের পর এক ম্যাচ হেরেছে বুন্দেসলিগার শীর্ষ দল বায়ার্ন। পিএসজির বিপক্ষে জয়ের পরের ম্যাচেই ছন্দ হারিয়ে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে হেরে বসে নাগেলসম্যানের দল।
লিগ ওয়ানে পিএসজি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও বিশ্বকাপ বিরতির পর থেকে ধারাবাহিক পরফরম্যান্সে নেই মেসি-নেইমার-এমবাপে বাহিনী। তবে বায়ার্নের বিপক্ষে হারের পর তিন ম্যাচের তিনটিতেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে গালতিয়েরের দল।







