ক্রিকেট

ব্যাটে-বলে বিধ্বস্ত এক হার, সিরিজও হাতছাড়া

ব্যাটে-বলে বিধ্বস্ত এক হার, সিরিজও হাতছাড়া

প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট, এরপর প্রোটিয়ারদের পাঁচশ কাছাকাছি রানে ইনিংস ঘোষণা। সেঞ্চুরিয়নে দ্বিতীয় ইনিংসেও ধস দেখেছে বাংলাদেশ। উইয়ান মুল্ডারের ক্যারিয়ারসেরা বোলিংয়ে বাংলাদেশ হার দেখেছে এক ইনিংস ও ২১৯ রানে। তাতে ২-০ তে টেস্ট সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।

সুপারস্পোর্ট পার্ক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৩.৩ ওভারে ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে নেমে ১১৫ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৪৯৪ রান করে ইনিংস ঘোষণা করে সাউথ আফ্রিকা। ৪০৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৪৯.৪ ওভারে ১৮৪ রানে থেমেছে বাংলাদেশ।

তৃতীয় দিন সকালে ব্যাটে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ৫৮ রান। তানজিদ ২৯ রানে আউট হলে জুটি ভাঙে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় টিম টাইগার্স। সর্বোচ্চ ৪১ রান করেন তাওহীদ হৃদয়। ৩৮ রান করেন মাহফিজুল ইসলাম।

নাজমুল হোসেন শান্ত করেন ৩৪ রান। লিটন দাস ১৫ এবং তাসকিন আহমেদ করেন ১০ রান। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

সাউথ আফ্রিকা বোলারদের মধ্যে উইয়ান মুল্ডার ১১ ওভারে ৩১ রানে ৭ উইকেট নেন। তার ক্যারিয়ারসেরা বোলিং এটি। জানসেন ২ এবং রাবাদা নেন ১ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ব্যাটে নেমে সাউথ আফ্রিকা বোলারদের তোপে পড়েন বাংলাদেশ ব্যাটাররা। কেবল তিন ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। মাহফিজুল ইসলাম সর্বোচ্চ ২৩ রান করেন, খেলেছেন ৪০ বল। ৪২ বলে ১৯ রান করেন তাওহীদ হৃদয়। ৫১ বলে ১৮ রান করেন মুমিনুল হক। বাকিদের মধ্যে লিটন দাস করেন ৮ রান।

রাবাদা ও জানসেন নেন ৩টি করে উইকেট। এনরিখ নর্টজে ২ উইকেট এবং উইয়ান মুল্ডার ও সিমন হার্মার নেন একটি করে উইকেট।

জবাবে নেমে সেঞ্চুরি করেন দুই প্রোটিয়ান। মার্কুইস অ্যাকারম্যান ১৫০ এবং মুল্ডার ১০০ রান নেন। মার্কো জানসেন ৬৭*, টনি ডি জর্জি ৬৬ রান করেন।

প্রথম ইনিংসে শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ দুটি করে উইকেট নেন। তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও তাওহীদ হৃদয় নেন একটি করে উইকেট।

বিষয়:অ্যাকারম্যান নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ মুল্ডার সাউথ আফ্রিকা হৃদয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…