স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে ২১০০-এরও বেশি অভিবাসী

ছবি: সংগৃহীত
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে রেকর্ডসংখ্যক অভিবাসীর আগমন ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে বিভিন্ন নৌযানে করে ২ হাজার ১০০ জনের বেশি অভিবাসী দ্বীপপুঞ্জটিতে পৌঁছেছেন। এতে অঞ্চলটির অভিবাসন সংকট আরও তীব্র হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থার প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে। চলতি মাসের শুরুতেই আঞ্চলিক সরকার অভিবাসন পরিস্থিতিকে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছিল।
রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, একটি নৌযান থেকে এক অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পশ্চিম আফ্রিকা থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার সময় এক নারী সন্তান প্রসব করেছেন।
এর আগে প্রায় দুই সপ্তাহ আগে একদিনে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছিলেন। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।
অভিবাসীদের বহনকারী অধিকাংশ নৌযান পৌঁছেছে এল হিয়েরো দ্বীপে। প্রায় ১১ হাজার ৪০০ মানুষের বসবাস এই দ্বীপে। পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে দ্বীপটি।
এদিকে রোববারের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে অভিবাসন নিয়ে উদার নীতির কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
তিনি বলেন, অভিবাসন মোকাবিলায় ইউরোপের একটি সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এর অংশ হিসেবে সেনেগাল ও গাম্বিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সীমান্ত নিয়ন্ত্রণ আরও জোরদার করতে হবে।
তবে আবাসন খাতসহ দক্ষ শ্রমিকের সংকট রয়েছে এমন বিভিন্ন খাতে কর্মী নিয়োগের জন্য বৈধ অভিবাসনের সুযোগ তৈরি করা প্রয়োজন বলেও মন্তব্য করেন সানচেজ।
পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর আটলান্টিক মহাসাগরীয় পথটি বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসনপথ হিসেবে বিবেচিত। উত্তাল সমুদ্র, প্রবল স্রোত ও দীর্ঘ পথের ঝুঁকি উপেক্ষা করে প্রতিবছর হাজারো অভিবাসী ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে নৌযানে স্পেনের ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করেন।
সাধারণত শরৎকালে সমুদ্র তুলনামূলক শান্ত থাকায় এই পথে অভিবাসীদের যাতায়াত বেড়ে যায়।
চলতি বছরের নভেম্বরের শেষ ভাগ পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন ২৮ হাজার ১০৩ অভিবাসী। এ সংখ্যা গত বছরের মোট অভিবাসীর সংখ্যাকে ছাড়িয়ে গেলেও ২০২৪ সালের সর্বোচ্চ রেকর্ডের তুলনায় এখনো অনেক কম।
২০২৪ সালে রেকর্ড ৪৬ হাজার ৮৪৩ অভিবাসী দ্বীপপুঞ্জটিতে পৌঁছেছিলেন। ওই বছরের প্রথম নয় মাসেই অধিকাংশ অভিবাসীর আগমন ঘটে।
তবে উদ্বেগ বাড়াচ্ছে সাম্প্রতিক অভিবাসনের ঊর্ধ্বগতি। গত দুই মাসেই প্রায় ২১ হাজার অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন।






