বাংলাদেশ

বাংলাদেশের রাজনীতিতে সংলাপের ইতিহাস

বাংলাদেশের রাজনীতিতে সংলাপের ইতিহাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ নতুন কোনো ঘটনা নয়। নির্বাচনকালীন সরকারব্যবস্থা, নির্বাচনের গ্রহণযোগ্যতা, গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক সংকট নিরসনের প্রশ্নে বিভিন্ন সময়ে আলোচনার টেবিলে বসেছে ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক শক্তি। কখনো সরাসরি প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে, কখনো সরকারের প্রতিনিধিদের সঙ্গে বিরোধী দলের নেতাদের, আবার কখনো দেশি-বিদেশি মধ্যস্থতায় হয়েছে এসব আলোচনা।

তবে বাংলাদেশের রাজনৈতিক সংলাপের ইতিহাসে একটি বিষয় বারবার সামনে এসেছে৷  আলোচনা শুরু হলেও সব ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠিত হয়নি। বিশেষ করে নির্বাচনকালীন সরকারের ধরন এবং নির্বাচন পরিচালনার পরিবেশ নিয়ে মতবিরোধ বহু সংলাপের কেন্দ্রবিন্দুতে ছিল।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নব্বইয়ের গণঅভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক পর্বে কয়েকটি সংলাপ বিশেষ গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৯৪-৯৫ সালের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা, ২০০৬ সালের রাজনৈতিক সংকট নিরসনের উদ্যোগ, ২০১৩ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সংলাপ এবং ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক জোটের সঙ্গে সরকারের আলোচনা।

১৯৯৪: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রথম বড় সংলাপ
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সরকার ও বিরোধী দলের মধ্যে আনুষ্ঠানিক সংলাপের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ১৯৯৪ সাল। তখন ক্ষমতায় বিএনপি, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিরোধী দলের নেতৃত্বে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জোরালো হয়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো নির্বাচনকালীন নির্দলীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানায়।

ওই বছরের ৩১ আগস্ট জাতীয় সংসদে বিএনপির নেতা এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং আওয়ামী লীগের নেতা আবদুস সামাদ আজাদের মধ্যে আলোচনা হয়। কিন্তু তাতে কোনো সমঝোতা হয়নি।

এরপর উদ্যোগ নেয় কমনওয়েলথ। সংস্থাটির মহাসচিব এমেকা আনিয়াওকু দুই প্রধান দলের নেত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তার বিশেষ দূত হিসেবে বাংলাদেশে আসেন অস্ট্রেলিয়ার সাবেক গভর্নর জেনারেল স্যার নিনিয়ান স্টিফেন।

১৯৯৪ সালের অক্টোবরে নিনিয়ান স্টিফেন দুই পক্ষের সঙ্গে একাধিক দফা বৈঠক করেন। বিভিন্ন সমঝোতা প্রস্তাব নিয়েও আলোচনা হয়। কিন্তু নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব ও ক্ষমতার প্রশ্নে মতৈক্য প্রতিষ্ঠিত হয়নি। শেষ পর্যন্ত সংলাপ ব্যর্থ হয়।

মান্নান ভূঁইয়া-আবদুল জলিল সংলাপ
মান্নান ভূঁইয়া-আবদুল জলিল সংলাপ

২০০৬: মান্নান ভূঁইয়া-আবদুল জলিল সংলাপ
২০০৬ সালে আবারও বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোটার তালিকা নিয়ে।

তখন ক্ষমতায় বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। বিরোধী দলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

সংকট নিরসনে ক্ষমতাসীন বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের মধ্যে সংলাপের উদ্যোগ নেওয়া হয়।

মার্চ মাসে সরকার আনুষ্ঠানিকভাবে বিরোধী দলকে আলোচনার আমন্ত্রণ জানায়। একপর্যায়ে উভয় পক্ষের পাঁচজন করে প্রতিনিধি নিয়ে দশ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। তবে প্রতিনিধিত্ব, আলোচনার বিষয়বস্তু ও শর্ত নিয়ে দীর্ঘদিন মতবিরোধ চলতে থাকে।

পরবর্তী সময়ে দুই দলের মহাসচিব পর্যায়ে সরাসরি আলোচনা শুরু হলেও নির্বাচনকালীন সরকারের কাঠামো এবং নির্বাচন কমিশন নিয়ে কোনো গ্রহণযোগ্য সমঝোতা হয়নি।

বাংলাদেশের রাজনীতিতে সংলাপের ইতিহাস
ছবি: সংগৃহীত

২০১৩: জাতিসংঘের মধ্যস্থতায় আশরাফ-ফখরুল বৈঠক
২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পর নতুন করে রাজনৈতিক বিরোধ তৈরি হয়।

বিএনপি ও তার মিত্ররা নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানায়। অন্যদিকে আওয়ামী লীগ সরকার সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের অবস্থান নেয়।

২০১৩ সালের শেষ দিকে দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাতিসংঘের তৎকালীন সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো ঢাকায় আসেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

তার উদ্যোগে ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দুই দলের প্রতিনিধিরা আলোচনায় বসেন।

আওয়ামী লীগের প্রতিনিধিদলে ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও গওহর রিজভী। বিএনপির প্রতিনিধিদলে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান ও শমসের মবিন চৌধুরী।

আলোচনার পর উভয় পক্ষ সংলাপ অব্যাহত রাখার কথা জানায়। তারানকোও রাজনৈতিক সদিচ্ছা থাকলে সমাধান সম্ভব বলে আশাবাদ প্রকাশ করেন।

কিন্তু একাধিক বৈঠকের পরও নির্বাচনকালীন সরকারের প্রধান কে থাকবেন, সেই মৌলিক প্রশ্নে সমঝোতা হয়নি।

শেষ পর্যন্ত ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিসহ প্রধান বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট

২০১৮: গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটের সংলাপ
বাংলাদেশের রাজনৈতিক সংলাপের ইতিহাসে ২০১৮ সালের নভেম্বরের আলোচনা ছিল ভিন্ন মাত্রার। কারণ, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিরোধী রাজনৈতিক জোটগুলোর সঙ্গে সরাসরি আলোচনায় বসেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট সরকারের সঙ্গে সংলাপের উদ্যোগ নেয়। এই জোটে বিএনপিও ছিল।

১ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক হয়।

বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা আলোচনা চলে।

ঐক্যফ্রন্টের দাবিগুলোর মধ্যে ছিল নির্বাচনকালীন নিরপেক্ষ পরিবেশ, সংসদ ভেঙে দেওয়া, রাজনৈতিক মামলায় আটক নেতাকর্মীদের মুক্তি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উদ্বেগের সমাধান।

সরকারের পক্ষ থেকে সংবিধানের কাঠামোর মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অবস্থান তুলে ধরা হয়।

পরবর্তী সময়ে ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা হয়। পাশাপাশি বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, বাম গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপ করেন প্রধানমন্ত্রী।

তবে আলোচনায় কিছু বিষয়ে ইতিবাচক বক্তব্য এলেও নির্বাচনকালীন সরকারের কাঠামো নিয়ে প্রধান মতপার্থক্য দূর হয়নি।

শেষ পর্যন্ত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে বেশিরভাগ কেন্দ্রে আগের রাতেই ভোট হয়ে যায়। আবার সরকার গঠন করে আওয়ামী লীগ, যে দলটির কার্যক্রম এখন নিষিদ্ধ।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা
অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা

২০২৪-২৫: অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার নতুন পর্ব শুরু হয়।

এই আলোচনার প্রধান বিষয়গুলো ছিল রাষ্ট্র সংস্কার, নির্বাচনব্যবস্থা, বিচার ও প্রশাসনিক সংস্কার, রাজনৈতিক ঐকমত্য এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি।

পূর্ববর্তী সংলাপগুলোর সঙ্গে এই প্রক্রিয়ার একটি মৌলিক পার্থক্য ছিল। অতীতে প্রধানত ক্ষমতাসীন দল ও বিরোধী দল নির্বাচনকালীন সরকারের প্রশ্নে আলোচনা করলেও এবার অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার নিয়ে আলোচনা করে।

২০২৫ সালে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ পরিচালিত হয়। আলোচনার কেন্দ্রে ছিল সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার।

এই প্রক্রিয়া দেখায়, বাংলাদেশের রাজনৈতিক সংলাপের আলোচ্য বিষয় শুধু নির্বাচনকালীন সরকারে সীমাবদ্ধ থাকেনি; রাষ্ট্র পরিচালনার নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রশ্নও এতে যুক্ত হয়েছে।

ভিন্ন এক প্রেক্ষাপটে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে বিএনপি সরকার।

বিষয়:বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সরকার ও রাজনৈতিক দল সংলাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…