এশিয়া কাপ বাছাই পর্বের আগে নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে হিমালয়ের দেশে আছে বাংলাদেশ ফুটবল দল। প্রথম ম্যাচে ড্র হলেও সমান তালে লড়াই করেছে দুদল। দ্বিতীয় ম্যাচ জেতার জন্য আশাবাদী বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দ্বিতীয় ম্যাচের আগেই সে কথাই জানালেন স্প্যানিশ এ কোচ।
কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শনিবার স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লাল-সবুজের দল। হামজা চৌধুরী, সামিত সোম এবং ফাহমিদুলদের ছাড়া নিজের দেখাশোনাটাও বেশ ভালো হয়েছে ক্যাবরেরার। দুই দলই ম্যাচে স্পষ্ট কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে নামার আগে সোমবার সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের কোচ। সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেছেন, ‘আমি অনেক উচ্ছ্বাসিত। বলতে পারেন, শক্তিশালী প্রতিপক্ষ নেপালের বিপক্ষে মুখোমুখি হতে পেরে। আমি মনে করি প্রথম ম্যাচটি খুবই প্রতিযোগিতামূলক ছিল, ঠিক যেমনটা আমরা আশা করছিলাম এবং যেমনটা আমরা চেয়েছিলাম। অক্টোবরের ম্যাচের প্রস্তুতির জন্য নেপালের সাথে খেলা গুরুত্বপূর্ণ। তাই আমরা আবারও আগামীকালের জন্য প্রস্তুতি নিচ্ছি, যা নিশ্চিতভাবেই চ্যালেঞ্জিং লড়াই হবে।’
‘প্রথম ম্যাচ আমরা ড্র করেছি, আর আমরা জয়ের সাথে ফিরতে চাই। আমার মনে হয় শেষ পর্যন্ত অনুভূতিটা অনেকটাই একই রকম হবে। সেটি আমাদের জন্য বাড়তি প্রেরণা হবে। মূল লক্ষ্য হলো অন্তত আগের মতোই পারফরম্যান্স করা, কারণ আমি মনে করি ওটা আমাদের জন্য খুবই উপকারী এবং প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল। কিন্তু আবারও বলছি, আমরা জয়ের জন্যই নামবো, এবং আগামীকাল আমরা সর্বোচ্চ চেষ্টা করব জেতার জন্য।’
মাঠের অবস্থা নিয়ে খুশি নন কোচ, ‘প্রথমেই বলি, আমরা জানতাম মাঠের অবস্থা ভালো হবে না। আমরা এখানে এসেছিলাম এটা জেনেই যে পরিস্থিতি এমনি হবে। এটা ভারী মাঠ, বিশেষ করে দুই পাশে। আর আমার মতে আরও দুটি বিষয় আছে, একটা হলো ঘাস অনেক লম্বা, আরেকটা হলো এখানে পানির সেচব্যবস্থা নেই। ফলে খেলা কঠিন হয়ে যায়, বিশেষ করে খেলোয়াড়দের জন্য। মাঠের কারণে খেলা কিছুটা ধীর হয়ে যায়। কিন্তু আবারও বলছি, আমরা জানতাম এটাই হবে পরিস্থিতি।’
মঙ্গলবার বিকেল পৌনে ছয়টায় ফিফার প্রীতি দ্বিতীয় ম্যাচে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।








