রংপুরে পুকুরে বাস পড়ে নিহত ৩

রংপুরে পুকুরে বাস ডুবে নিহত ৩, স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
রংপুরের পীরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন অর্ধশতাধিক।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে সুন্দরগঞ্জ উপজেলার দেউতি বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নামপরিচয় জানা যায়নি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, আহত ও নিহতদের উদ্ধার করে রমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাসে অতিরিক্ত যাত্রী থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।
পীরগাছা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে বলে জানা যায়। ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় উল্টে যাওয়া বাসটিকে সোজা করতে সক্ষম হলে দেখা যায় ততক্ষণে তিনজন মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর নজিরেরহাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৫০ থেকে ৭০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় বাসে করে বৌভাতের দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ মহাসড়কের দেউতি বেলতলা বাজারের কাছাকাছি যাওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, উল্টে যাওয়া বাসটিকে সোজা করে আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করা হলেও বাসটি এখনো পুকুরে পড়ে আছে।






