জার্মানির ১৯৯০ বিশ্বকাপজয়ী ফাইনালের গোলদাতা আন্দ্রেয়াস ব্রেহমি মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চলে যাওয়া বিশ্বজয়ীর বয়স হয়েছিল ৬৩ বছর। তারকা মিডফিল্ডারের মৃত্যুর খরব নিশ্চিত করেছেন স্ত্রী সুজান শেফার।
ফুলব্যাক, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা ব্রেহমি’র স্ত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘অত্যন্ত দুঃখের সাথে আমার পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি যে, আমার স্বামী আন্দ্রেয়াস ব্রেহমি হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আমরা আশা করছি কঠিন এসময়ে আমাদের গোপনীয়তা রক্ষা করবেন এবং বিভিন্ন প্রশ্ন করা থেকে বিরত থাকবেন।’
জার্মান গণমাধ্যম বলছে, হার্ট অ্যাটাকের পর ব্রেহমি’কে মিউনিখের বাসার পাশের জিমসেনস্ট্রাস হাসপাতালে নেয়া হয়। তবে তাকে শেষ রক্ষা করা যায়নি।
বিভিন্ন পজিশনে খেলা ব্রেহমি জার্মানির হয়ে ৮৬ ম্যাচ খেলে ৮ গোল করেছেন। ক্লাব পর্যায়ে তিনি কাইজারস্লটার্ন, বায়ার্ন মিউনিখ এবং ইন্টার মিলানে খেলেছেন। দীর্ঘ সময়ের ক্যারিয়ারে তিন বিশ্বকাপে খেলেছেন
১৯৯০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৮৫ মিনিটে শিরোপা নির্ধারণী বিখ্যাত গোলটি করেছিলেন। ইতালির রোমে ফাইনালে ব্রেহমি’র করা ওই গোলে ১-০তে শিরোপা জেতে জার্মানি।
ডিফেন্ডার হিসেবে জনপ্রিয় ব্রেহমি দুটি বুন্দেসলিগা, একটি সিরি আ শিরোপা জিতেছেন। ১৯৯৮ সালে অবসরে যান।
বিশ্বজয়ী সাবেকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বায়ার্ন মিউনিখ। কাইজারস্লটার্ন এবং ইন্টার মিলান গভীর শোক জানিয়েছেন।








