বিনোদন

তাহমিমার বই নিয়ে হলিউডে সিরিজ, সঙ্গে ‘এমিলি ইন প্যারিস’-এর চিত্রনাট্যকার

প্রকাশের আগেই টিভি সিরিজ হচ্ছে তাহমিমা আনামের ‘গুড বুকস’

তাহমিমার বই নিয়ে হলিউডে সিরিজ, সঙ্গে ‘এমিলি ইন প্যারিস’-এর চিত্রনাট্যকার

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘গুড বুকস’ এবার টেলিভিশন সিরিজে রূপ নিতে যাচ্ছে। উপন্যাসটি নিয়ে সিরিজ নির্মাণের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের পেসসেটার প্রোডাকশনস ও যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান কুডোস।

সিরিজটির চিত্রনাট্য রচনায় তাহমিমার সঙ্গে যুক্ত হয়েছেন এমি মনোনীত চিত্রনাট্যকার ও প্রযোজক অ্যালিসন ব্রাউন। জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’, ‘ইয়ঙ্গার’ ও ‘আপলোড’-এ কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

বিনোদনবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ভ্যারাইটির এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশনা জগতের নেপথ্যের গল্প নিয়ে লেখা ‘গুড বুকস’ উপন্যাসটি প্রথম ঘোষণা করা হয় এডিনবরা বুক ফেস্টিভ্যালে। সেখানে একাধিক আলোচনায় অংশ নিয়েছিলেন তাহমিমা আনাম। উৎসব চলাকালে যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা ক্যাননগেট বইটি প্রকাশের স্বত্ব কেনার ঘোষণা দেয়। উপন্যাসটি ২০২৮ সালে প্রকাশের কথা রয়েছে। উত্তর আমেরিকায় বইটির প্রকাশনা স্বত্ব নিয়েছে ক্যাননগেটের নিয়মিত মার্কিন সহযোগী প্রকাশনা সংস্থা স্ক্রিবনার।

প্রকাশনা সংস্থার বর্ণনায়, উপন্যাসটি ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ ও ‘ইয়েলোফেস’-এর মিশেল। বইটিতে উঠে আসবে কীভাবে একটি বই তৈরি হয়, কারা সেই প্রক্রিয়ার নিয়ন্ত্রণে থাকেন, নিজের যোগ্যতা নিয়ে সংশয় বা ইমপোস্টার সিনড্রোম এবং সাফল্যের পথে সেই সংশয় কাটিয়ে ওঠার গল্প। এর পাশাপাশি মা-মেয়ে এবং জীবনে বিকল্প অভিভাবক হয়ে ওঠা মানুষদের সম্পর্কও উপন্যাসটির অন্যতম বিষয়।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রায়া চ্যাটার্জি। নিউ ইয়র্কের একটি বইয়ের দোকানে কাজ করার সময় তার পরিচয় হয় লন্ডনের প্রভাবশালী সাহিত্য প্রতিনিধি প্রু ম্যাকনিলের সঙ্গে। এই পরিচয় রায়ার জীবনে নতুন পেশার সুযোগ তৈরি করে। একই সঙ্গে তাকে ফিরিয়ে নিয়ে যায় নিজের জন্মশহর লন্ডনে, যেখানে অপেক্ষা করছে অতীতের কিছু গোপন সত্য।

সিরিজটি নির্মাণের দায়িত্বে থাকা পেসসেটার প্রোডাকশনস প্রতিষ্ঠা করেছেন জেসিকা রোডস। প্রতিষ্ঠানটি সম্প্রতি পিককের স্পাই থ্রিলার সিরিজ ‘পনিস’ প্রযোজনা করেছে। চার্লি ব্রুকারের সঙ্গে জনপ্রিয় সিরিজ ‘ব্ল্যাক মিরর’ এবং আসন্ন কমেডি ‘কাঙ্ক অন সিনেমা’তেও প্রযোজক হিসেবে যুক্ত রয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, বানিজে গ্রুপের অংশ কুডোস যুক্তরাজ্যের টেলিভিশন প্রযোজনায় পরিচিত নাম। প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘হাউস অব গিনেস’, ‘এসএএস: রগ হিরোস’ ও ‘গ্রান্টচেস্টার’।

ঢাকায় জন্ম নেওয়া তাহমিমা আনাম তার ‘বেঙ্গল ট্রিলজি’র জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘আ গোল্ডেন এজ’, ‘দ্য গুড মুসলিম’ ও ‘আপ রাইজিং’। প্রথম বইয়ের জন্য তিনি কমনওয়েলথ রাইটার্স প্রাইজ অর্জন করেন। এ ছাড়া পেয়েছেন ও. হেনরি অ্যাওয়ার্ড। তার উপন্যাস ‘আপ রাইজিং’ রাজনৈতিক কথাসাহিত্যের জন্য অরওয়েল প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেয়। গ্রান্টার ‘বেস্ট অব ইয়ং ব্রিটিশ নভেলিস্ট’ তালিকায়ও স্থান পেয়েছেন তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানে পড়াশোনা করা তাহমিমা রয়্যাল সোসাইটি অব লিটারেচারের ফেলো।

‘গুড বুকস’ টেলিভিশন সিরিজে রূপ পেলে আন্তর্জাতিক পর্দায় নতুনভাবে উঠে আসবে তাহমিমা আনামের সাহিত্যজগৎ। তবে সিরিজটির মুক্তির সময়সূচি কিংবা সম্প্রচারমাধ্যম সম্পর্কে এখনো কোনো ঘোষণা আসেনি। ভ্যারাইটি

বিষয়:গুড বুকস টিভি সিরিজ তাহমিমা আনাম বই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…