মাকড়সার কামড়ে মাত্র ২৮ বছর বয়সেই মৃত্যু হল ব্রাজিলিয়ান গায়ক ডারলান মরাইসের। গত ৩১ অক্টোবর ডারলানের মুখে একটি মাকড়সা কামড় দেয়। যার পর থেকেই ভীষণ ক্লান্ত বোধ করতে থাকেন তিনি। এমনকি পাল্টে যেতে থাকে ক্ষতর জায়গার রংটাও, তার স্ত্রীর মারফত হলিউডভিত্তিক সংবাদমাধ্যম এমনটাই জানিয়েছে।
মাকড়সার কামড়ের পর থেকেই নানা রকম লক্ষণ দেখা দিতে শুরু করে শিল্পীর শরীরে। বাদ যায় না অ্যালার্জিক রিঅ্যাকশন। তারপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয় তড়িঘড়ি করে।
সাময়িকভাবে চিকিৎসা দিয়ে গত শুক্রবার ছেড়ে দেওয়া হয় এই গায়ককে। কিন্তু বিপদ এড়ানো গেল না। এত রকমের জটিলতা দেখা দিতে শুরু করল যে সোমবার (৬ নভেম্বর) চলে গেলেন এই গায়ক।
ব্রাজিলিয়ান সেই গায়কের মৃত্যুর পর একইরকম বিপদের মুখোমুখি হয়েছেন তার সৎ মেয়েও। ১৮ বছরের সেই যুবতীকে বর্তমানে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে আপাতত তিনি স্থিতিশীল আছেন বলেই জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।
মাত্র ১৫ বছর বয়সেই এই ব্রাজিলিয়ান গায়ক তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি মূলত ট্র্যাডিশনাল ব্রাজিলিয়ান সাউন্ডের উপরেই কাজ করতেন। জাবুম্বা, অ্যাকর্ডিয়ন, মেটাল ট্রায়াঙ্গেল, ইত্যাদি ব্যবহার করেই গান করতেন। তিনি এমন একটি মিউজিক ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন যেখানে কেবল তারা তিনজন মিউজিশিয়ান ছিলেন।
সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা








