যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের মৃত্যু, কারণ জানায়নি রাশিয়া

দারচিয়েভ এর আগে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তবে তার মৃত্যুর কারণ জানায়নি মস্কো।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপিও তার মৃত্যুর খবর প্রকাশ করেছে।
এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দারচিয়েভকে ‘অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদয় সহকর্মী’ হিসেবে উল্লেখ করেছে।
২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান দারচিয়েভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পরপরই তিনি এ দায়িত্ব পান। সে সময় ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা চলছিল।
এর আগে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের পরিচালক ছিলেন। রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ হিসেবেও পরিচিত ছিলেন দারচিয়েভ।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর তিনি একে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ বলে অভিহিত করেছিলেন।





