বিশ্বকাপে গ্রুপপর্বে শুরু ভালো হয়নি ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে ড্র করার পর শুরু হয়েছে সমালোচনা। শনিবার ভোরে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে ফরোয়ার্ড এন্দ্রিককে নিয়ে কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তি বলেছেন এন্দ্রিক ভালো করবে, সেজন্য সময় দিতে হবে। সেলেসাওদের কোচ বলেছেন, ‘ম্যাথিয়াস কুনহা সেন্টার ফরোয়ার্ডের চেয়ে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বেশি ভালো খেলে। অন্যদিকে ইগর থিয়াগো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় যিনি আক্রমণাত্মক এবং বল পায়ে বেশ শক্তিশালী।’
‘এন্দ্রিক তাদের কোনটির মধ্যেই ঠিক পড়ে না। তিনি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একজন। প্রতিভা অসাধারণ। ব্রাজিল এই বিশ্বকাপ এবং পরের বিশ্বকাপে তার প্রতিভার সর্বোচ্চ সদ্ব্যবহার করবে।’
‘এন্দ্রিক ধৈর্যশীল এবং বয়সের তুলনায় বেশ পরিপক্ব, যা খুবই গুরুত্বপূর্ণ। তার পরিবারের সদস্যরা তার খুব ঘনিষ্ঠ, তারাও অত্যন্ত ধৈর্যশীল। একজন তরুণ খেলোয়াড়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। সঠিক সময়ে এন্দ্রিককে নিয়ে আসব। কারণ সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
বিশ্বকাপে নেমে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র’য়ের পর শনিবার হাইতির বিপক্ষে নামবে ব্রাজিল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৬টায়।







