ক্রিকেট

সাকিব ইস্যুতে যা বললেন তামিম

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করে বক্তব্য দিচ্ছেন, পেছনে বিভিন্ন স্পন্সর ও লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার দ্বৈরথের বিষয়টি কারোই অজানা নয়। রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বরিশাল অধিনায়ক এলে স্বাভাবিকভাবে উঠে আসে সাকিবের সঙ্গে দ্বৈরথের প্রসঙ্গ। তবে সাকিব ইস্যুতে খোঁচাখুঁচি করতে নিষেধ করেছেন তামিম।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের রংপুরকে ৫ উইকেটে হারিয়েছে তামিমের বরিশাল। ম্যাচ শেষে দুই দলের সৌজন্যতায় শুধু হাত মিলিয়েছেন তামিম-সাকিব। তবে কথা হয়নি একবারও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে প্রশ্ন এলে তামিম জানান এমনটা।

বলেন,‘আমি মনে করি এটা অপ্রয়োজনীয় প্রশ্ন। আপনারা সবাই সবকিছু জানেন, কেন একটা জিনিস নিয়ে বারবার খোঁচাখুচি করেন? এটা বাদ দেন না ভাই। ওরে জিজ্ঞেস করুন, যদি কিছু জিজ্ঞেস করতে চান।’

এর আগে জয় নিশ্চিতের পর ড্রেসিংরুম থেকে তামিম অন্য ক্রিকেটারদের নিয়ে লাইন ধরে বের হন। অন্যদিকে সাকিব ছিলেন রংপুরের লাইনের তিন নম্বরে। দুই তারকা কাছাকাছি আসতে শুধু হাত মিলিয়ে দুই দিকে চলে গেলেন। তবে তামিমের পেছনে থাকা মুশফিকুর রহিমের সঙ্গে হাত মেলানোর পর কোলাকুলিও করলেন সাকিব। হালকা কথাও বলেছেন দুজনে।

পরে পুরস্কার বিতরণীর আগে একে অপরের সঙ্গে আলোচনা করছিলেন দুই দলের ক্রিকেটাররা। বরিশালের ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়েই অন্য ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিলেন সাকিব। মুশফিক আরেকদফা এসে সাকিবের সঙ্গে কথা বলেন। একটু দূরে দাঁড়িয়ে তামিম অন্যদের সঙ্গে কথা বললেও কথা বলেননি সাকিবের সঙ্গে।

মাঠের খেলায় সাকিব ব্যাট হাতে ব্যর্থ হলেও রান পেয়েছেন তামিম। লম্বা সময় পর ফিরে ২৪ বলে ৩৫ রান করেছেন তামিম। অন্যদিকে সাকিব করেন ৩ বলে ২ রান। তবে বল হাতে ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে দুই উইকেট নেন সাকিব।

বিষয়:তামিম ফরচুন বরিশাল বিপিএল-২০২৪ রংপুর রাইডার্স সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…