রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দুই ক্রিকেটারের মধ্যকার দ্বৈরথের বিষয়টি যে কারোই অজানা নয়। ম্যাচে সাকিবের রংপুরকে ৫ উইকেটে হারিয়েছে তামিমের বরিশাল। ম্যাচ শেষে সৌজন্যমূলক করমর্দনের সময়েও নজর ছিল এই দুই পাণ্ডবের দিকে। অবশ্য দুই দলের সৌজন্যতায় শুধু হাত মিলিয়েছেন তারা। তবে কথা হয়নি একবারও।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয় নিশ্চিতের পর ড্রেসিংরুম থেকে তামিম অন্য ক্রিকেটারদের নিয়ে লাইন ধরে বের হন। অন্যদিকে সাকিব ছিলেন রংপুরের লাইনের তিন নম্বরে। দুই তারকা কাছাকাছি আসতে শুধু হাত মিলিয়ে দুই দিকে চলে গেলেন। তবে তামিমের পেছনে থাকা মুশফিকুর রহিমের সঙ্গে হাত মেলানোর পর কোলাকুলিও করলেন সাকিব। হালকা কথাও বলেছেন দুজনে।
পরে পুরস্কার বিতরণীর আগে একে অপরের সঙ্গে আলোচনা করছিলেন দুই দলের ক্রিকেটাররা। বরিশালের ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়েই অন্য ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিলেন সাকিব। মুশফিক আরেকদফা এসে সাকিবের সঙ্গে কথা বলেন। একটু দূরে দাঁড়িয়ে তামিম অন্যদের সঙ্গে কথা বললেও কথা বলেননি সাকিবের সঙ্গে।
মাঠের খেলায় সাকিব ব্যাট হাতে ব্যর্থ হলেও রান পেয়েছেন তামিম। লম্বা সময় পর ফিরে ২৪ বলে ৩৫ রান করেছেন তামিম। অন্যদিকে সাকিব করেন ৩ বলে ২ রান। তবে বল হাতে ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে দুই উইকেট নেন সাকিব।







