শিক্ষা

সন্তানের মিথ্যা বলা কি খারাপ অভ্যাস? মনোবিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা

সন্তানের মিথ্যা বলা কি খারাপ অভ্যাস? মনোবিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা

সংগৃহীত

শিশুদের মিথ্যা বলার বিষয়টি প্রত্যক্ষ করার অভিজ্ঞতা অধিকাংশ অভিভাবকেরই রয়েছে। তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার আগে জানা দরকার, শিশুর এই আচরণ সব সময় খারাপ কিছুর ইঙ্গিত দেয় না। মনোবিজ্ঞানীদের মতে, মিথ্যা বলা বা অন্যকে বিভ্রান্ত করার চেষ্টা শিশুর মানসিক বিকাশের একটি স্বাভাবিক ধাপ হতে পারে। এর মধ্য দিয়ে তারা অন্যের চিন্তা, অনুভূতি ও মনস্তত্ত্ব বুঝতে শেখে।

বাড়ির দেয়ালে আঁকিবুঁকি করে অস্বীকার করা কিংবা চুরি করে বিস্কুট খেয়ে দোষ অন্যের ওপর চাপানো, শিশুদের এমন আচরণ স্বাভাবিক বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, এসব আচরণকে কেবল অসততা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এর মধ্য দিয়ে শিশুরা নতুন একটি দক্ষতা অর্জন ও পরীক্ষা করে।

ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. জেড রেডফার্ন বিবিসির ‘সিবিবিজ প্যারেন্টিং ডাউনলোড’ পডকাস্টে বলেন, মিথ্যা বলা একটি দক্ষতা, যা শিশুরা ধীরে ধীরে আয়ত্ত করে। তারা এটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে এবং সময়ের সঙ্গে আরও দক্ষ হয়ে ওঠে।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় নেতৃত্ব দেওয়া অধ্যাপক এলেনা হোইকা জানান, প্রায় এক-চতুর্থাংশ শিশু ১০ মাস বয়সেই কোনো না কোনোভাবে অন্যকে বিভ্রান্ত করার সক্ষমতা দেখায়। গবেষণায় দেখা যায়, দুই বছর বয়সে শিশুরা বাবা-মায়ের কথা না শোনার ভান করা কিংবা কোনো কাজ করার কথা অস্বীকার করার মতো আচরণ করে। তিন বছর বয়সে তাদের এই সক্ষমতা আরও বাড়ে। তখন তারা তথ্য গোপন করা কিংবা ঘটনার একাংশ বলার মতো কৌশলও ব্যবহার করে।

বিশেষজ্ঞদের মতে, এসব আচরণ শিশুর মধ্যে ‘থিওরি অব মাইন্ড’ বা অন্যের চিন্তা ও মনস্তত্ত্ব বোঝার সক্ষমতা গড়ে ওঠার ইঙ্গিত রয়েছে। এর সঙ্গে সহানুভূতি ও সামাজিক সম্পর্ক তৈরির বিষয়টিও জড়িত থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

শিশুরা অনেক সময় বাবা-মাকে কষ্ট দেওয়া বা হতাশ করার ভয় থেকেও সত্য গোপন করে থাকে। তাই তাদের সততা শেখাতে শাস্তি বা বকাঝকার পরিবর্তে নিরাপদ পরিবেশ তৈরি করা জরুরি।

সন্তানের মিথ্যা বলা কি খারাপ অভ্যাস? মনোবিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা
সংগৃহীত

এলেনা হোইকা একটি ঘটনার কথা উল্লেখ করেন, যখন তার বড় ছেলে তার ভাইয়ের সাইকেল নিয়ে বেরিয়েছিল এবং একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সেটি ভেঙে ফেলেছিল। শুরুতে সে কী ঘটেছে তা নিয়ে মিথ্যা বলার চেষ্টা করেছিল।

“আমি তাকে বললাম, ‘সত্যি কথা বললে তোমার বড় কোনো সমস্যা হবে না।’ এরপর আমি সেখান থেকে সরে গেলাম, তাকে কিছুটা সময় ও জায়গা দিলাম।”

“তখন সে বলল, ‘হ্যাঁ, আমিই এটা করেছি।’ সে বুঝতে পেরেছিল যে সেই পরিবেশটি নিরাপদ। আমরা শান্তভাবে কথা বললাম কোনো চিৎকার-চেঁচামেচি বা উচ্চস্বরে কথা বলা ছাড়াই।”এমন পরিস্থিতিতে কীভাবে আচরণ করতে হয়, এটি তার একটি ভালো উদাহরণ।

বিশেষজ্ঞদের পরামর্শ, সন্তান ভুল করলে এমন পরিবেশ তৈরি করে দিতে হবে, যেখানে শিশুরা ভয় ছাড়াই সত্য বলতে পারে। একই সঙ্গে তাদের অনুভূতি বুঝতে শেখানো এবং খোলামেলা আলোচনার সুযোগ দেওয়া প্রয়োজন। এতে শিশুর সততা ও অন্যের প্রতি সহানুভূতি দুটিই বিকশিত হতে পারে।

বিষয়:অধ্যাপক এলেনা হোইকা ব্রিস্টল বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞানীদের গবেষণা শিশুর আচরণ সন্তানের মিথ্যা বলা
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…