৩ বছরের শিশুকে হাত বেঁধে রাখার অভিযোগ

ছবি: সংগৃহীত
ভারতের তামিলনাড়ুতে শিক্ষকের কথা না শোনায় তিন বছর বয়সী এক শিশুকে শ্রেণিকক্ষের ভেতর প্লাস্টিকের চাদরে মুড়িয়ে হাত বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজে শিশুটিকে হাত বাঁধা অবস্থায় ছটফট করতে দেখা গেছে। এ সময় তার চোখের পাশেও আঘাতের চিহ্ন ছিল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুভারুর জেলার তিরুথুরাইপুন্ডি এলাকার একটি বেসরকারি স্কুলে। এ ঘটনায় এক শিক্ষিকা ও এক নারী পরিচারিকার বিরুদ্ধে নিষ্ঠুরতা ও অবহেলার অভিযোগে মামলা করেছে পুলিশ।
পুলিশ জানায়, শিশুটি দুষ্টুমি করত এবং শিক্ষকের কথা শুনত না। এ কারণে নারী পরিচারিকা তাকে একটি ভিনাইল শিট বা প্লাস্টিকের চাদরে মুড়িয়ে হাত বেঁধে রাখেন বলে অভিযোগ উঠেছে। এ সময় শিক্ষিকা নীরব দর্শকের ভূমিকা পালন করেন বলেও অভিযোগ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাত বাঁধা অবস্থায় শিশুটি উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। অন্য একটি ভিডিওতে তাকে দড়ি কামড়ে বাঁধন খোলার চেষ্টা করতে দেখা যায়। আরেকটি ফুটেজে শিশুটিকে চিৎকার করতে দেখা গেছে। এ সময় শ্রেণিকক্ষে অন্য শিশুরাও ছিল।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানান, ভিনাইল শিটে মোড়ানো অবস্থায় শিশুটি পড়ে গিয়ে চোখের পাশে আঘাত পেয়ে থাকতে পারে।
স্কুল থেকে আঘাত নিয়ে বাড়ি ফেরার পর শিশুটি তার বাবাকে জানায়, শিক্ষিকা ও নারী পরিচারিকা তাকে মারধর করেছেন। পরে বাবা স্কুলে গিয়ে শ্রেণিকক্ষের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। নিজের মুঠোফোনে সেই ফুটেজ ধারণ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিরুথুরাইপুন্ডি থানায় অভিযোগ করেন তিনি।
এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষিকা ও নারী পরিচারিকাকে চাকরি থেকে বরখাস্ত করেছে বলে জানা গেছে।






