শিক্ষা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে ডিবি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে ডিবি

রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে অজ্ঞাতনামা একটি ই-মেইল পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার ৬ অক্টোবর বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয় ওই বার্তায়।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টিপিক্যাল চাইনিজ ম্যান’ (Typical Chinese Man) নামের একটি ই-মেইল ঠিকানা থেকে বার্তাটি পাঠানো হয়। এতে ঢাকার প্রগতি সরণির খ-২২৪ ঠিকানায় অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা হামলা’ চালানোর কথা উল্লেখ করা হয়েছে।

হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রোববার সন্ধ্যায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন।

তিনি বলেন, ‘এ ঘটনায় রোববার সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বর্তমানে সেটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম তদন্ত করছে।’

হুমকির বার্তা পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিত করতে তারা ই-মেইলটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সংস্থার কাছে ফরোয়ার্ড করে এবং আইনগত সহযোগিতা চায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার খবর পাওয়ার পর একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে। তবে হুমকির বার্তাটি কতটা বাস্তবসম্মত, তা যাচাই করা হচ্ছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, ‘এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি পটেনশিয়াল কোনো হুমকি না।’

হুমকির বিষয়ে আশঙ্কার কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, এসব হুমকির কোনো ভিত্তি নেই।

এদিকে ডিএমপির গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তরিকুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তবে এখনই কিছু বলা যাচ্ছে না।’

ই-মেইল পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা নিতে সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফরোয়ার্ড করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় একাধিক গোয়েন্দা সংস্থাও কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক লিখিত বক্তব্যে জানায়, ‘এ ধরনের একটি অজ্ঞাত ই-মেইল আমরা পেয়েছি। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং আমরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাচ্ছি। এই মুহূর্তে আমরা আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারের সকল সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি।’

বিষয়:তদন্তে ডিবি বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…