বিশ্ববাজারে সয়াবিন সরবরাহের অনিশ্চয়তা, পুষ্টিমান ও নতুন হিসাব
যুদ্ধ, ভূরাজনৈতিক অস্থিরতা ও বদলে যাওয়া বাণিজ্যপথের চাপে বিশ্ব সয়াবিনের বাজারে বাড়ছে নতুন সমীকরণ; গুরুত্ব পাচ্ছে পুষ্টিমান, সরবরাহের নিশ্চয়তা ও টেকসই উৎপাদন

যুদ্ধ, পরিবর্তিত বাণিজ্যপথ ও নীতিগত সিদ্ধান্ত বিশ্বজুড়ে পশুখাদ্যের কাঁচামাল সংগ্রহের হিসাব বদলে দিচ্ছে। এমন বাস্তবতায় সয়াবিনের গুণগত মান, প্রক্রিয়াজাতকরণ এবং সরবরাহব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে আলোচনায় বসেছেন আন্তর্জাতিক কৃষি ও খাদ্যশিল্পের প্রতিনিধিরা।
বিশ্ববাজারে সয়াবিনের বাণিজ্য আর কেবল উৎপাদন ও দামের হিসাবের মধ্যে সীমাবদ্ধ নেই। যুদ্ধ, পরিবর্তিত বাণিজ্যপথ এবং বিভিন্ন দেশের নীতিগত সিদ্ধান্ত নতুন করে নির্ধারণ করছে কোথা থেকে পশুখাদ্যের কাঁচামাল সংগ্রহ করা হবে, কতটা নির্ভরযোগ্য হবে সরবরাহ এবং সেই উপকরণ প্রাণীর পুষ্টির চাহিদা কতটা পূরণ করতে পারবে।
এমন এক পরিবর্তনশীল পরিস্থিতিতে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছে CrushCON 2026। ১৮ নভেম্বর শুরু হওয়া এ সম্মেলনের আয়োজন করে ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়া (MENASA) অঞ্চল। এতে অংশ নেন বিশ্বের সয়াবিন উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাণিজ্য ও পশুখাদ্যশিল্পের প্রতিনিধিরা। বাংলাদেশ থেকেও অংশ নিয়েছেন বেশ কয়েকজন প্রতিনিধি।
সম্মেলনে আলোচনার কেন্দ্রে ছিল সয়াবিনের গুণগত মান, প্রক্রিয়াজাতকরণের দক্ষতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ঝুঁকি মোকাবিলা। বিশ্বের বিভিন্ন অঞ্চলের বিশেষজ্ঞরা তুলে ধরেন, পরিবর্তিত বাণিজ্য পরিস্থিতিতে শুধু কম দামে কাঁচামাল কেনাই যথেষ্ট নয়। বরং পণ্যের পুষ্টিমান, ধারাবাহিক গুণগত মান এবং সরবরাহের নিশ্চয়তাও সমান গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের সয়াবিনচাষি ও ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের চেয়ারম্যান মাইক ম্যাকক্রেনি বলেন, CrushCON-এর মতো আয়োজন যুক্তরাষ্ট্রের কৃষকদের এ অঞ্চলের ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে। এর মাধ্যমে কৃষকের মাঠপর্যায়ের কাজের সঙ্গে ক্রেতাদের প্রকৃত চাহিদার সংযোগ স্থাপন সম্ভব হয়।
প্রোটিনের বাড়তি চাহিদায় সম্ভাবনাময় MENASA অঞ্চল
মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়াজুড়ে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বাড়ছে পশুজ প্রোটিনের চাহিদা। আর সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সয়াবিন ও সয়াবিনজাত পশুখাদ্য।
ইউএসডিএর ফরেন অ্যাগ্রিকালচারাল সার্ভিসের রপ্তানি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বছরে MENASA অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে ৮০ লাখ মেট্রিক টনের বেশি সয়াবিন আমদানি করেছে। এর মধ্যে একক দেশ হিসেবে মিসরের আমদানিই ছিল প্রায় ৫০ লাখ মেট্রিক টন।
আলজেরিয়াও দ্রুত সম্প্রসারিত হচ্ছে যুক্তরাষ্ট্রের সয়াবিনের বাজার। ২০২৬-২৭ বিপণন বছরের প্রথম দিকেই দেশটির আমদানি ৫ লাখ মেট্রিক টন ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের অন্যতম প্রধান রপ্তানি পণ্য সয়াবিন। ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম সাটার বলেন, যুক্তরাষ্ট্র ও MENASA অঞ্চলের দ্বিপক্ষীয় বাণিজ্যে সয়াবিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য এটি যেমন গ্রামীণ অর্থনীতি সচল রাখছে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য ও পুষ্টিনিরাপত্তায় অবদান রাখছে।
তাঁর ভাষায়, বর্তমান বিশ্বপরিস্থিতিতে পুষ্টিনিরাপত্তাও জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ।
শুধু প্রোটিনের পরিমাণ নয়, প্রাণী কতটা হজম করতে পারছে?
সম্মেলনে পশুখাদ্যের গুণগত মান নির্ধারণের প্রচলিত পদ্ধতি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিশেষ করে সয়াবিন মিলের অপরিশোধিত প্রোটিন বা ক্রুড প্রোটিনের পরিমাপ কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
প্রায় এক শতাব্দী ধরে সয়াবিন মিল কেনাবেচার ক্ষেত্রে ক্রুড প্রোটিনের পরিমাণকে অন্যতম প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। নাইট্রোজেনের পরিমাণকে ৬ দশমিক ২৫ দিয়ে গুণ করে এই হিসাব করা হয়।
কিন্তু এই পরিমাপ মূলত খাদ্যে মোট নাইট্রোজেনের পরিমাণ নির্দেশ করে। প্রাণীর শরীর সেই প্রোটিনের কতটা হজম করতে এবং পুষ্টি হিসেবে কাজে লাগাতে পারছে, তা সরাসরি জানায় না।
ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের নির্বাহী পরিচালক কেভিন রোপকে মনে করেন, পশুখাদ্যের প্রকৃত মূল্য নির্ধারণে শুধু ক্রুড প্রোটিনের হিসাব যথেষ্ট নয়। তাঁর মতে, প্রাণী যে প্রোটিন হজম করতে পারে না, তার জন্য অর্থ ব্যয় করেও প্রকৃত পুষ্টিলাভ নিশ্চিত করা যায় না।
এ কারণে সয়াবিন মিলের মূল্যায়নে নতুন কিছু মানদণ্ড ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন সম্মেলনের বক্তারা। এর মধ্যে রয়েছে KOH solubility, প্রোটিনের হজমযোগ্যতা এবং ট্রিপসিন ইনহিবিটর অ্যাক্টিভিটি বা TIA।
আধুনিক পরীক্ষাগার প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে এখন এসব উপাদান নিয়মিত পরিমাপ করা সম্ভব হচ্ছে। ফলে পশুখাদ্যের গুণগত মান নির্ধারণে আরও কার্যকর ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সরবরাহব্যবস্থা বদলে যাওয়ার এই সময়ে ক্রেতাদের শুধু পণ্যের দাম বিবেচনা করলে চলবে না। পণ্যের পুষ্টিমান, গুণগত মানের ধারাবাহিকতা, সরবরাহকারীর নির্ভরযোগ্যতা এবং সামগ্রিক পুষ্টিগত বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
কেভিন রোপকের ভাষায়, কাগজে-কলমে সবচেয়ে সস্তা পশুখাদ্য অনেক সময় পশুর মোট খাদ্যতালিকায় সবচেয়ে সাশ্রয়ী হয় না। যুক্তরাষ্ট্রের সয়াবিনের ধারাবাহিক ও উন্নত পুষ্টিমান প্রাণীর উৎপাদনক্ষমতা বাড়াতে পারে, যার প্রতিফলন শেষ পর্যন্ত খামারির মুনাফায় দেখা যায়।
টেকসই উৎপাদনেও গুরুত্ব দিচ্ছে ক্রেতারা
সয়াবিনের আন্তর্জাতিক বাণিজ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচনা হয়ে উঠছে পরিবেশগত স্থায়িত্ব। উৎপাদনের পাশাপাশি কৃষি উপকরণের উৎস এবং চাষাবাদ পদ্ধতি কতটা টেকসই, তা নিয়েও আগ্রহ বাড়ছে ক্রেতাদের।
এ ক্ষেত্রে ইউএস সয়াবিনের জন্য রয়েছে Sustainable U.S. Soy Assurance Protocol (SSAP)। এই প্রটোকলের মাধ্যমে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সয়াবিনের টেকসই চাষাবাদ পদ্ধতি যাচাই করা হয়।
বিশ্ববাজারের অনিশ্চিত পরিস্থিতিতে সরবরাহব্যবস্থার ঝুঁকি কমাতে ক্রেতাদের পণ্যের মূল্য, গুণগত মানের ধারাবাহিকতা, নির্ভরযোগ্যতা এবং টেকসই উৎপাদন, এই চারটি বিষয়কে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন সম্মেলনের বক্তারা।
ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল বাংলাদেশ মার্কেট লিড খবিবুর রহমান চ্যানেল আইকে বলেন, ‘বাংলাদেশের মৎস্য চাষে এবং পোল্ট্রি উৎপাদনে দারুণ অগ্রগতি দেখিয়েছে। এখন সময় এসেছে বাইরের দেশের বাজারে আমাদের উৎপাদিত মাছ ও পোল্ট্রিপণ্য পৌঁছে দেওয়ার এর জন্য প্রয়োজন পশুখাদ্যের গুণগত মান নিশ্চিত করা। আমরা চেষ্টা করছি এ বাজার সম্পর্কে উৎপাদককে সচেতন করতে। এর মধ্যে বাংলাদেশের মেঘনা গ্রুপ ‘সাস্টেইনেবল ইউএস সোয় (SUSS)’ লেবেল ব্যবহার শুরু করেছে। ‘
ক্রাশকন ২০২৬ এ অংশ নিয়েছেন বাংলাদেশের আইপিআরএস এক্সপার্ট ফেরদৌস মুরাদ। তিনি বলেন, ‘এই আসরে অংশ নিয়ে Noise এবং Signal এর মধ্যে পার্থক্য করতে শিখেছি। বৈশ্বিক বাজারে বাংলাদেশের মাছের যে সম্ভাবনা আছে। আমরা অনেকেই এখনও সেটা বুঝতে পারছি না। আমরা যদি নিরাপদ মাছ উৎপাদন করতে পারি বিশ্বে এর অনেক বড় বাজার রয়েছে। ‘
বিশ্বজুড়ে খাদ্য ও পশুখাদ্যের চাহিদা বাড়ছে। একই সঙ্গে বাণিজ্যপথের পরিবর্তন, ভূরাজনৈতিক অস্থিরতা এবং পরিবেশগত বিবেচনা নতুন করে সাজাচ্ছে কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার। এমন বাস্তবতায় সয়াবিনের বাণিজ্যে প্রতিযোগিতার নতুন মানদণ্ড হয়ে উঠছে শুধু কতটা উৎপাদন হলো বা কত দামে বিক্রি হলো, তা নয়; বরং সেই সয়াবিন কতটা পুষ্টিকর, কতটা নির্ভরযোগ্য এবং কতটা টেকসইভাবে উৎপাদিত।




