নিউইয়র্কে ভ্যান গগের চিত্রকর্ম বিক্রি হলো ১৯০.৪ মিলিয়ন ডলারে

ছবি: সংগৃহীত
ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম নিলামে রেকর্ড ১৯০.৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ৩৩০ কোটি টাকা।
নাৎসি আমলে চিত্রকর্মটির মালিকানা ও বিক্রি নিয়ে বিতর্কের অবসানের পর বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্কে সোথেবির নিলামে এটি বিক্রি হয়।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
‘শাতানিয়ে আঁ ফ্লর’ (Châtaigniers en fleurs) বা ‘চেস্টনাট গাছের ফুল’ শিরোনামের চিত্রকর্মটি ভ্যান গগের আগের নিলাম রেকর্ডও ভেঙে দিয়েছে। ২০২২ সালে তার একটি চিত্রকর্ম ১১৭.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। নতুন এই বিক্রি আগের রেকর্ডের চেয়ে অনেক বেশি।
১৮৯০ সালে জীবনের শেষ দুই মাসে চিত্রকর্মটি এঁকেছিলেন ভ্যান গগ। সোথেবির ভাষ্য অনুযায়ী, তার জীবনের শেষ সময়ের আঁকা ব্যক্তিমালিকানায় থাকা গুরুত্বপূর্ণ শিল্পকর্মগুলোর একটি এটি। নিলামের আগে এর সম্ভাব্য দাম ধরা হয়েছিল ১৮০ মিলিয়ন ডলার। তবে কে এটি কিনেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চিত্রকর্মটি ‘ব্লাকিয়ের-আরিয়েতা কালেকশন’এর অংশ হিসেবে নিলামে তোলা হয়। এর আগের মালিক ছিলেন জার্মানির ফিশার পরিবারের সদস্যরা। তাদের উত্তরাধিকারীরা দাবি করেছিলেন, নাৎসিদের উত্থানের সময় আর্থিক সংকটের কারণে চাপের মুখে পরিবারটি চিত্রকর্মটি বিক্রি করতে বাধ্য হয়েছিল।
পরিবারটির পক্ষে আইনজীবী সোথেবিকে জানান, নাৎসি শাসনামলে তাদের প্রকাশনা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমস্টারডামে চিত্রকর্মটি বিক্রি করা হয়েছিল।
নিলামের কয়েক ঘণ্টা আগে নিলাম প্রতিষ্ঠান সোথেবি জানায়, ব্লাকিয়ের-আরিয়েতা পরিবার এবং ফিশার পরিবারের উত্তরাধিকারীদের মধ্যে বিরোধের সমাধান হয়েছে। দুই পরিবার পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে এবং সেই চুক্তির ভিত্তিতেই চিত্রকর্মটি বিক্রি করা হয়েছে।
সোথেবি জানায়, চিত্রকর্মটির নাৎসি আমলের জটিল ইতিহাস এবং হলোকাস্টের সময় ফিশার পরিবারের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দুই পরিবার সন্তোষজনক সমাধানে পৌঁছেছে।
নিলাম প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, জার্মানির বিখ্যাত প্রকাশক স্যামুয়েল ফিশার ১৯০৯ সালে চিত্রকর্মটি সংগ্রহ করেন। ১৯৩৪ সালে তার মৃত্যুর পর এটি পরিবারের কাছে ছিল। পরে ১৯৩২ বা ১৯৩৩ সালে আমস্টারডামে পল ক্যাসিরারের কাছে জমা রাখা হয়। ১৯৩৬ সালে এটি প্যারিসের হেনরিয়েট ও মার্সেল কাপফেরারের কাছে যায়। এরপর আরও চারজনের মালিকানা বদলের পর ১৯৭৫ সালে ব্লাকিয়ের পরিবার এটি সংগ্রহ করে। সর্বশেষ নিলামের আগ পর্যন্ত অর্ধশতাব্দীরও বেশি সময় চিত্রকর্মটি তাদের মালিকানায় ছিল।





