অপরাধ

হত্যা মামলায় ‘বডি সোহেল’ গ্রেপ্তার

Police handcuffs on a reflective surface, symbolizing law enforcement. Channel i News - চ্যানেল আই নিউজ

A pair of black police handcuffs placed on a reflective surface, representing law enforcement and security. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাগেরহাটের চিতলমারী উপজেলার আলোচিত আমির হামজা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সোহেল হোসাইন ওরফে ‘বডি সোহেল’ (৩৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া সোহেল খুলনা সদর থানার চাঁনমারী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

র‌্যাব জানায়, গত ২০ মার্চ পূর্বশত্রুতার জের ধরে সোহেলসহ মামলার অন্যান্য আসামিরা মোটরসাইকেলে করে সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে আমির হামজাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা মেহেরুন্নেছা বাদী হয়ে চিতলমারী থানায় সোহেলসহ একাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সোহেল আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-৬ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব উল্লেখ করে, হত্যা, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:পলাতক আসামি ‘বডি সোহেল’ গ্রেফতারবাগেরহাটর‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নর‌্যাবর‍্যাব-৬হত্যা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…