এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ আবারও সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানটিতে পাসের হার ৯৯ দশমিক ৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৯ শিক্ষার্থী।
এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির মোট ৯০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৯০৫ জন উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী অনুপস্থিত তিন শিক্ষার্থীকে বিবেচনায় না নিলে পাসের হার শতভাগ।
প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটির আরও একটি উল্লেখযোগ্য অর্জন হলো বিপুলসংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫ লাভ। এবারের এসএসসি পরীক্ষায় কলেজটির ৪৪৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
বিশেষ করে বিজ্ঞান বিভাগের ফলাফল ছিল অত্যন্ত প্রশংসনীয়। এ বিভাগে মোট ৬৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৪০৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। ফলে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জনের হার প্রায় ৫৯ শতাংশ।
কলেজের এই অসাধারণ ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শিক্ষাঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
এ সাফল্যে গভর্নিং বডির সভাপতি, বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন এবং প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্ধিকী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মেধাবী শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে, এমন আশাবাদও ব্যক্ত করেন তারা।
এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. তাজুল ইসলাম। তিনি বলেন, এই ফলাফল শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিষ্ঠা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফসল।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের এবারের ফলাফল আবারও প্রমাণ করল, নিষ্ঠা, পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা থাকলে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।








