আপা ফিরলে বা ভাইয়া অনুমতি দিলেই বিপ্লব হবে

বাংলাদেশের বাম রাজনীতির একটি অংশের সবচেয়ে বড় রহস্য হলো, তারা পৃথিবী বদলে দিতে চায়, অথচ নিজেদের রাজনৈতিক অবস্থান বদলাতে বড় দলের মুখের দিকে তাকিয়ে থাকে। তাদের স্বপ্ন শ্রেণিহীন সমাজ প্রতিষ্ঠা করা, কিন্তু আপাতত জোটহীন রাজনীতি প্রতিষ্ঠা করাই যেন সবচেয়ে কঠিন কাজ।
একদিন এক তরুণ কমরেড প্রবীণ এক বাম নেতাকে জিজ্ঞেস করলেন:
—কমরেড, আমরা ক্ষমতায় যাব কবে?
প্রবীণ নেতা চশমা খুলে গম্ভীর মুখে বললেন:
—ক্ষমতায় যাওয়া এত সরল বিষয় নয়। এর সঙ্গে দ্বান্দ্বিক বস্তুবাদ, ঐতিহাসিক বাস্তবতা এবং রাজনৈতিক শক্তির ভারসাম্যের প্রশ্ন জড়িত।
—তাহলে আমাদের লক্ষ্য কী?
—আপাতত কে ক্ষমতায় যাবে, সে বিষয়ে একটা সঠিক অবস্থান নেওয়া।
—আমরা নিজেরা কেন যাব না?
প্রবীণ নেতা কিছুক্ষণ নীরব থেকে বললেন:
—তোমার মধ্যে পেটি বুর্জোয়া উচ্চাকাঙ্ক্ষা দেখা যাচ্ছে!
বাংলাদেশের জোটনির্ভর বাম রাজনীতির একাংশের রাজনৈতিক কর্মসূচি নিয়ে এমন একটি কাল্পনিক গবেষণাপত্র লেখা যেতে পারে: ‘অন্যের ক্ষমতায়নে নিজেদের ঐতিহাসিক ভূমিকা’। এর প্রথম অধ্যায় জোটতত্ত্ব, দ্বিতীয় অধ্যায় আপসতত্ত্ব, তৃতীয় অধ্যায় আপসকে বিপ্লবী কৌশল হিসেবে ব্যাখ্যা করার তত্ত্ব।
মার্কস বলেছিলেন দুনিয়া পরিবর্তনের কথা। আমাদের কোনো কোনো কমরেড সেই মহান দায়িত্বকে একটু সহজ করে নিয়েছেন। পুরো দুনিয়া পরিবর্তনের দরকার কী? সরকার পরিবর্তন কিংবা সরকার রক্ষার কাজে ভূমিকা রাখতে পারলেই তো আপাতত চলে!
তবে আওয়ামী লীগকে ঘিরে বাম রাজনীতির যে অংশের চিন্তা আবর্তিত হয়, তাদের নিয়ে আলাদা একটি গবেষণার সুযোগ রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাকে নিয়ে কৌশল, ক্ষমতার বাইরে থাকলে তাকে নিয়ে বিশ্লেষণ, রাজনৈতিক সংকটে পড়লে তাকে নিয়ে পর্যালোচনা। সবকিছুই আওয়ামী লীগ নির্ভর। নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনার সময় পাওয়া যায় কই?
চব্বিশের ৫ আগস্টের পর এক সাংবাদিক এক কমিউনিস্ট নেতাকে বললেন, বাচ্চা বাচ্চা ছেলেরা বিপ্লব করে ফেলল।
শত বছরের দল আপনারা কী করলেন?
কমরেডের উত্তর: আগামী পরিটব্যুরো মিটিংয়ে আমরা বিষয়টা পর্যালোচনা করব।
এক কাল্পনিক বাম দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রস্তাব উঠল, এবার থেকে দল স্বাধীন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।
প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। তবে সিদ্ধান্ত হলো, আত্মপ্রকাশের উপযুক্ত সময় নির্ধারণের আগে বড় দলগুলোর অবস্থান পর্যবেক্ষণ করা হবে।
বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হলো, ‘স্বাধীন রাজনৈতিক অবস্থান গ্রহণের প্রশ্নে আমরা অটল।’
কবে থেকে অটল হবেন, সেটা অবশ্য জানানো হয়নি।
এই ধারার বাম রাজনীতির আরেকটি আকর্ষণীয় বিষয় হলো আত্মসমালোচনা। নির্বাচনে সাফল্য না এলে জনগণের রাজনৈতিক চেতনার ঘাটতি, আন্দোলনে লোক না এলে শ্রেণিচেতনার অভাব, সংগঠন বড় না হলে বস্তুনিষ্ঠ পরিস্থিতির প্রতিকূলতা। নিজেদের রাজনৈতিক সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুললে আবার তাত্ত্বিক বিতর্কের আয়োজন।
অবশ্য বাংলাদেশের সব বাম দলকে এই ছাঁচে ফেলা যাবে না। স্বাধীন রাজনৈতিক অবস্থান ধরে রাখার চেষ্টা, শ্রমিক-কৃষকের অধিকার আদায়ের আন্দোলন এবং বড় দলগুলোর আধিপত্যের বিরোধিতার ধারাও বাম রাজনীতিতে রয়েছে। কিন্তু যারা নিজেদের বিকল্প রাজনৈতিক শক্তি বলে দাবি করেও অন্যের রাজনৈতিক সমীকরণের ওপর নির্ভর করেন, তাদের সংকটটা বেশ কৌতুককর।
এখন অনেকের অপেক্ষা আপার জন্য। ভাইয়ার সুদৃষ্টির অপেক্ষাতেও কেউ কেউ।
রাজনীতিতে বন্ধু খোঁজা দোষের নয়। সমস্যা হলো, কৌশল যখন লক্ষ্যকে গ্রাস করে, সাময়িক মিত্রতা যখন স্থায়ী নির্ভরশীলতায় পরিণত হয়, আর নিজের রাজনৈতিক স্বপ্ন যখন অন্যের ক্ষমতায় যাওয়ার সিঁড়ির নিচে চাপা পড়ে।
একদিন সেই তরুণ কমরেড আবার প্রশ্ন করলেন:
—কমরেড, আমাদের তো রাষ্ট্রক্ষমতা দখলের স্বপ্ন থাকার কথা!
প্রবীণ নেতা মৃদু হেসে বললেন:
—স্বপ্ন অবশ্যই আছে। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অন্যের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করাই আমাদের ঐতিহাসিক দায়িত্ব।
—আর বিপ্লব?
—বিপ্লব স্থগিত হয়নি, কমরেড। অনুকূল জোট গঠনের অপেক্ষায় আছে!
আহা, কী চমৎকার বিপ্লব! পতাকা নিজের, স্লোগান নিজের, আদর্শ নিজের, কর্মী নিজের; শুধু ক্ষমতার স্বপ্নটা অন্যের।






