বিনোদন

মারা গেছেন ‘বিচ বয়েজ’র সহপ্রতিষ্ঠাতা মাইক লাভ

মারা গেছেন ‘বিচ বয়েজ’র সহপ্রতিষ্ঠাতা মাইক লাভ

যুক্তরাষ্ট্রের কিংবদন্তি রক ব্যান্ড ‘দ্য বিচ বয়েজ’-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান কণ্ঠশিল্পী মাইক লাভ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। শনিবার ২৮ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার প্রতিনিধি কেটি অল্টম্যান। 

এক বিবৃতিতে অল্টম্যান বলেন, ‘গভীর শ্রদ্ধার সাথে জানাচ্ছি, পরিবারের সদস্যদের পাশে নিয়ে আজ সন্ধ্যায় মাইক লাভ মারা গেছেন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক অঙ্গনের একজন আইকন। তার অসাধারণ প্রতিভা ও সংগীতপ্রতিভা প্রজন্মের পর প্রজন্মের সংগীতশিল্পীকে অনুপ্রাণিত করবে। আমেরিকান সংগীতে তার অসামান্য অবদান এবং ভক্তদের জন্য সংগীত পরিবেশনের আনন্দ আমরা উদযাপন করি’।

তবে তার মৃত্যুর কারণ কিংবা কোথায় তিনি মারা গেছেন, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

সাম্প্রতিক সময়ে মাইক লাভের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। চলতি বছরের গ্রীষ্মে তার কণ্ঠ ও শারীরিক সক্ষমতায় অবনতির বিষয়টি কয়েকটি কনসার্টে স্পষ্ট হয়ে ওঠে। পরে সুস্থতার জন্য তার বেশ কয়েকটি কনসার্ট বাতিল করা হয়। দীর্ঘ বিরতির পর মাত্র দুটি কনসার্টে অংশ নেন তিনি। সর্বশেষ গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের রাইম্যান অডিটোরিয়ামে ‘দ্য বিচ বয়েজ’-এর সঙ্গে মঞ্চে উঠেছিলেন এই সংগীতশিল্পী।

মাইক লাভের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা জন স্ট্যামোসও তার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, মাইক লাভ গুরুতর স্বাস্থ্যগত জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন।

১৯৪১ সালের ১৫ মার্চ লস অ্যাঞ্জেলেসের বাল্ডউইন হিলস এলাকায় জন্মগ্রহণ করেন মাইক লাভ। তার পুরো নাম মাইকেল এডওয়ার্ড লাভ। ১৯৬১ সালে নিজের চাচাতো ভাই ব্রায়ান উইলসন এবং ডেনিস ও কার্ল উইলসনের সঙ্গে বন্ধু অ্যাল জার্ডিনেকে নিয়ে গড়ে তোলেন ‘দ্য বিচ বয়েজ’। শুরুতে দলটির নাম ছিল ‘দ্য পেন্ডলটোনস’। পরে ‘সারফিন’ গানটি প্রকাশের সময় দলটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘দ্য বিচ বয়েজ’।

ষাটের দশকে যুক্তরাষ্ট্রের সংগীত জগতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ব্যান্ডটি। ক্যালিফোর্নিয়ার সমুদ্রসৈকত, সার্ফিং ও গাড়ির সংস্কৃতিকে কেন্দ্র করে তৈরি তাদের গান শ্রোতাদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। ‘আই গেট অ্যারাউন্ড’, ‘ক্যালিফোর্নিয়া গার্লস’. ‘ফান, ফান, ফান’, ‘হেল্প মি, রোন্ডা’ ও ‘গুড ভাইব্রেশনস’-এর মতো জনপ্রিয় গানে মাইক লাভের অবদান ছিল উল্লেখযোগ্য।

ব্রায়ান উইলসনের সঙ্গে যৌথভাবে ব্যান্ডটির বেশ কয়েকটি জনপ্রিয় গান লিখেছেন তিনি। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘কোকোমো’ গানাটিও তার লেখা ও কণ্ঠে নতুন করে আলোচনায় আসে। গানটি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০ তালিকার শীর্ষস্থান দখল করে।

১৯৮৮ সালে ‘দ্য বিচ বয়েজ’-এর সদস্য হিসেবে রক ব্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত হন মাইক লাভ। দীর্ঘ সংগীতজীবনে ব্যান্ডটির নেতৃত্ব ও পরিবেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

তবে ব্যান্ডের সদস্যদের সঙ্গে তার সম্পর্ক সব সময় মধুর ছিল না। বিশেষ করে ব্রায়ান উইলসনের সঙ্গে গান রচনার স্বত্ব ও রয়্যালটি নিয়ে বিরোধ তৈরি হয়েছিল। ১৯৯৩ সালে ব্রায়ান উইলসনের বিরুদ্ধে মামলা করে ৩০ টির বেশি গানে গীতিকার হিসেবে স্বীকৃতি এবং বকেয়া রয়্যালটি বাবদ ২০ লাখ ডলার আদায় করেন তিনি।

ব্যক্তিজীবনে পাঁচবার বিয়ে করেন মাইক লাভ। তার স্ত্রী জ্যাকলিন ও নয় সন্তান রয়েছেন।

মাইক লাভের মৃত্যুতে ‘দ্য বিচ বয়েজ’-এর প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে অ্যাল জার্ডিনই জীবিত রয়েছেন। এর আগে ২০২৫ সালের জুনে মারা যান ব্যান্ডটির আরেক সহপ্রতিষ্ঠাতা ও মাইক লাভের চাচাতো ভাই ব্রায়ান উইলসন। ডেনিস উইলসন মারা যান ১৯৮৩ সালে এবং কার্ল উইলসন ১৯৯৮ সালে।

ছয় দশকের বেশি সময় ধরে সংগীতজগতে সক্রিয় থাকা মাইক লাভের মৃত্যুতে একটি কিংবদন্তী সংগীত অধ্যায়ের অবসান ঘটল। ভ্যারাইটি

বিষয়:আমেরিকান গায়ক দ্য বিচ বয়েজ মাইক লাভ মৃত্যু রক ব্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…