জামাল ভূঁইয়া-তারিক কাজী থেকে শুরু করে হামজা চৌধুরীরা বাংলাদেশের হয়ে খেলছেন। তাদের পর সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়া বাংলাদেশি বংশোদ্ভূত ট্রেভর ইসলামকে খেলানো নিয়ে বেশ আলোচনা ছিল। সুখবর দিলেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। জানিয়েছেন, এবছর না হলেও আগামী বছর উঠতি স্ট্রাইকার ট্রেভর বাংলাদেশের হয়ে খেলবেন।
চ্যানেল আই অনলাইনকে বাফুফে সহ-সভাপতি ফাহাদ জানালেন, ‘ট্রেভর ইসলামের বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আমরা তথ্য হালনাগাদ করেছি। তিনি বাংলাদেশের হয়ে খেলতে সম্মতি দিয়েছেন। আমরা ফিফার নভেম্বর উইন্ডোতে তাকে দলে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
‘সাফের আগে তাকে দলে পাওয়ার সবরকম চেষ্টাও আমাদের রয়েছে। তবে ট্রেভরের পড়াশোনা এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ফুটবল দল ও লিগের প্রতি তার দায়বদ্ধতার কারণে এবছর নাও হতে পারে। আশা করি আগামী বছরে তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।’
ট্রেভরের জন্ম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ২১ বর্ষী তারকা স্ট্রাইকার স্ট্যানফোর্ড কার্ডিনাল ক্লাবের হয়ে খেলেন। তার বাবার নাম সেলিম হোসেন, যিনি নরসিংদির অধিবাসী ছিলেন। তার মায়ের নাম কারেন হয়ার, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।







