জামালপুরে আর্ন প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত

যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বানের মধ্য দিয়ে জামালপুরে ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রকল্পের জেলা পর্যায়ের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী। স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী।
কর্মশালায় জানানো হয়, বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন আর্ন প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৩টি উপজেলার শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা প্রায় ৫৬ হাজার তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন ও জীবিকাসংশ্লিষ্ট কার্যক্রমের আওতায় আনার লক্ষ্য রয়েছে। এর মধ্যে জামালপুরের ইসলামপুর, জামালপুর সদর ও মেলান্দহ উপজেলায় উপকারভোগীর লক্ষ্যমাত্রা ৭ হাজার ৯৮০ জন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
স্বাগত বক্তব্যে মো. নুরুজ্জামান চৌধুরী বলেন, বিপুলসংখ্যক যুবকে দক্ষ করে তুলতে সরকারি প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণও জরুরি। এ সময় তিনি কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও তথ্যপ্রযুক্তি খাতে চাহিদাভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন।
কর্মশালায় কেয়ার বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের ফোকাল মো. গোলাম রব্বানী প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। পরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ময়মনসিংহ বিভাগ ও জামালপুরে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন মো. শাহআলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা-আইসিটি) আফসানা তাসলিম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় নিয়োগকর্তা, ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। জামালপুরে প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে কেয়ার বাংলাদেশ। যৌথ বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল।
কর্মশালায় প্রশিক্ষণ শেষে যুবদের কর্মসংস্থানের সুযোগ তৈরি, স্থানীয় অংশীজনদের সম্পৃক্ততা এবং নারী ও সুবিধাবঞ্চিত যুবদের প্রকল্পের কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।





