আত্মবিশ্বাসের অভাবেই গোল হয়নি: ছোটন

দুই ব্যক্তি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে বিভিন্ন স্পন্সর ও সংগঠনের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
স্ট্রাইকার সামসুন্নাহার জুনিয়রের অভাব পূরণ যে পূরণ হবে না সেই শঙ্কা আগে থেকেই ছিল। আকলিমা খাতুন, আইরিন খাতুনরা যথারীতি তা করতে পারেননি। ফিনিশিংয়ের অভাবে আক্রমণাত্মক ফুটবল খেলেও তারা গোল করতে হলেন ব্যর্থ। অন্তিম মুহূর্তে উল্টো গোল হজম করায় ইরানের কাছে হেরে এএফসি অনূর্ধ্ব-২০ ওমেন্স এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছে বাংলাদেশ। গোল করতে না পারার জন্য ফুটবলারদের আত্মবিশ্বাসের অভাব থাকাকেই দায়ী করেছেন কোচ গোলাম রব্বানি ছোটন।
গোটা ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রতিপক্ষের একের পর এক গোলের সুযোগ প্রতিহত করেছেন বাংলাদেশের অধিনায়কত্ব করা রুপনা চাকমা। ৮৫ মিনিটে সেই রুপনার ভুলেই গোল হজম করে বাংলাদেশ। কারণ ছাড়াই পোস্ট থেকে অনেকটা এগিয়ে আসেন তিনি। মধ্যমাঠ থেকে সতীর্থের বাড়িয়ে দেয়া বল পান নেগিন জানদি। তিনি রুপনার এগিয়ে আসার সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন।
বাংলাদেশি গোলরক্ষকের এমন গোল হজম করা নিয়ে ছোটন বলেন, বলটা পাল্টা আক্রমণ থেকে এসেছিল। ইতি এবং সুরমা তাদের দায়িত্বটা রক্ষণভাগে ঠিকমতো পালন করেনি। তবে রুপনা যদি জায়গায় থাকতো তাহলে বল ঠেকানোর সুযোগ ছিল। আগে কিন্তু রুপনা এভাবে এগিয়ে এসে অনেক সেভ করেছে।
আগের ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেলেও গোটা ম্যাচে ফিনিশিংয়ের দুর্বলতা ছিল বেশ স্পষ্ট। ফরোয়ার্ড লাইনে খেলা তিন ফুটবলার আকলিমা, রিপা ও স্বপ্নাদের অগোছালো ফুটবলের কারণে গোলসংখ্যা বাড়াতে পারেনি বাংলাদেশ। সতীর্থরা সুবিধাজনক জায়গায় থাকার পরও তাকে পাস না দিয়ে নিজে গোলের চেষ্টা করে অনেক সুযোগ নষ্ট করে স্বাগতিক দল। ইরানের বিপক্ষেও একই ঘটনার পুনরাবৃত্তি লক্ষ্য করা গেছে।
তবে ছোটন তার দলের গোল না পাওয়ার বিষয়ে দিলেন ভিন্ন ব্যাখ্যা, গোলের চেষ্টা তারা করেছে। আমি মনে করি আত্মবিশ্বাসের অভাব ছিল। ফিনিশিং অবশ্যই আরও ভালো হওয়া দরকার।
ইরানের ফুটবলারদের ভেতর দলীয় সমন্বয় ও সমঝোতা ছিল বেশ মজবুত। তাদের খেলা দেখেও বিষয়টি পরিষ্কার প্রতীয়মান হয়েছে। লাল-সবুজের দলের মাঝে এসবের অভাব ছিল- এমন কথা অস্বীকার করেন টাইগ্রেস কোচ।
সমন্বয়ের অভাব আমার মনে হয় না। আজকে ইরানের সঙ্গে যে ফুটবল তারা খেলেছে, আমার মনে হয় না এমনটার অভাব আছে। পরিকল্পনা অনুযায়ী তারা আজ খেলেছে।
মেয়েদের খেলায় সন্তুষ্টির কথাও জানান স্বাগতিক দলের কোচ। তার সাফ কথা, টেকনিক্যালি এবং ঐতিহ্যগতভাবে ইরান আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমাদের মেয়েরা যে যথেষ্ট উন্নতি করেছে, আজকের ম্যাচ তার প্রমাণ।






