৫৪তম আন্তর্জাতিক এমিতে সেরা ববি ও মোনা

ঘোষণা করা হয়েছে ২০২৬ সালের ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম। এবারের আসরে সাতটি দেশের টেলিভিশন অনুষ্ঠান ও অভিনয়শিল্পীরা পেয়েছেন এই সম্মাননা। সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ব্রিটিশ অভিনেতা ববি শোফিল্ড এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বেলজিয়ামের মোনা মিনা লিওন।
গত ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের জমকালো আয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাইকেল ইউরি, যিনি ‘শ্রিংকিং’ সিরিজের জন্য পরিচিত।
আন্তর্জাতিক টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস অ্যাকাডেমির আয়োজনে এবারের আসরে মোট ১৬টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের তালিকায় রয়েছে আর্জেন্টিনা, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও যুক্তরাজ্যের প্রযোজনা ও শিল্পীরা।
সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘আনফরগিভেবল’ সিরিজে অভিনয়ের জন্য ববি শোফিল্ড। অন্যদিকে ‘হোলি শিট’ সিরিজে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী হয়েছেন মোনা মিনা লিওন।
সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে ফ্রান্সের ‘কারেমে’। কমেডি বিভাগে সেরা হয়েছে আর্জেন্টিনার ‘ডিভিশন পালার্মো’র দ্বিতীয় সিজন, যার ইংরেজি নাম ‘কমিউনিটি স্কোয়াড’। তুরস্কের ‘লেইলা’ পেয়েছে সেরা টেলিনোভেলার পুরস্কার। আর সেরা টিভি মুভি বা মিনি সিরিজ নির্বাচিত হয়েছে যুক্তরাজ্যের ‘প্রিজনার ৯৫১’।
তথ্যচিত্র বিভাগে পুরস্কার জিতেছে যুক্তরাজ্যের ‘লুই থেরু: দ্য সেটলার্স’। সেরা আর্টস প্রোগ্রামিং হয়েছে জার্মানির ‘ডের ট্যালেন্টিয়েরেটে মিস্টার এফ’ (দ্য ট্যালেন্টেড মিস্টার এফ)। নন-স্ক্রিপ্টেড এন্টারটেইনমেন্ট বিভাগে সেরা হয়েছে ‘এডুকেটিং ইয়র্কশায়ার’-এর দ্বিতীয় সিজন। শর্ট-ফর্ম সিরিজ বিভাগে পুরস্কার পেয়েছে ‘দ্য ক্লাস অব ২০০০’।
সংবাদ বিভাগে সেরা হয়েছে যুক্তরাজ্যের স্কাই নিউজের ‘২৪ আওয়ার্স ইন দ্য কিল জোন’। কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে পুরস্কার জিতেছে ‘এক্সপোজার: ব্রেকিং র্যাঙ্কস: ইনসাইড ইসরায়েলস ওয়ার’। ক্রীড়াভিত্তিক তথ্যচিত্র বিভাগে সেরা হয়েছে দক্ষিণ আফ্রিকার ‘দ্য ফিলিপস্টাউন ওয়্যারকার গ্রাঁ প্রি’।
শিশুদের অনুষ্ঠান বিভাগেও ছিল একাধিক পুরস্কার। অ্যানিমেশন বিভাগে সেরা হয়েছে যুক্তরাজ্যের ‘দ্য স্কেয়ারক্রোজ ওয়েডিং’। ফ্যাকচুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগে পুরস্কার পেয়েছে ‘হরিবল সায়েন্স’। আর লাইভ-অ্যাকশন বিভাগে সেরা হয়েছে ‘ডেক্সটার প্রক্টর: দ্য ১০-ইয়ার-ওল্ড ডক্টর’।
এবারের আয়োজনে বিশেষ সম্মাননা পেয়েছেন নেটফ্লিক্সের চিফ কনটেন্ট অফিসার বেলা বাজরিয়া। টেলিভিশন অঙ্গনে নেতৃত্ব ও আন্তর্জাতিক গল্প বলার ক্ষেত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে দেওয়া হয়েছে ফাউন্ডার্স এমি অ্যাওয়ার্ড। এ ছাড়া গণমাধ্যম খাতে দীর্ঘ কর্মজীবন ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ডিরেক্টরেট অ্যাওয়ার্ড পেয়েছেন অস্ট্রিয়ার গণমাধ্যম নির্বাহী গেরহার্ড জেইলার।
আন্তর্জাতিক টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস অ্যাকাডেমির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ব্রুস এল. পেইজনার বলেন, টেলিভিশন শিল্প ক্রমাগত সৃজনশীলতার নতুন সীমানা তৈরি করছে এবং গল্প বলার ক্ষেত্রে নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করছে। এবারের বিজয়ীরা তাদের কাজ ও প্রতিভার মাধ্যমে সেই উচ্চাকাঙ্ক্ষা এবং সৃজনশীলতারই প্রতিফলন ঘটিয়েছেন।
যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত টেলিভিশন অনুষ্ঠান ও পরিবেশনার উৎকর্ষকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশন, গণমাধ্যম ও বিনোদনশিল্পের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রতিবছর নিউইয়র্কে বসে এই আয়োজন।






