ক্রিকেট

কোহলি-ডু প্লেসিস ঝড় জেতালো বেঙ্গালুরুকে

দুটি ক্রিকেটার মাঠে একে অপরের সাথে হ্যান্ডশেক করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঙ্গালুরুর ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে হ্যান্ডশেক করছে, ম্যাচ জেতার জন্য উদ্দীপনা দেখাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

আইপিএলের শুরুটা দারুণ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আসরের প্রথম ম্যাচে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। কোহলি-ডু প্লেসিস ঝড়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিক দলটি।

বেঙ্গালুরুতে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয় বিরাট কোহলির দল। টস জিতে সফরকারী দলকে ব্যাটিংয়ে পাঠায় বেঙ্গালুরু। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে মুম্বাই। জবাবে ব্যাটে নেমে ২২ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের দেখা পায় স্বাগতিক দল।

টস হেরে ব্যাটে নেমে শুরুটা রাঙাতে পারেননি মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটাররা। মাত্র ২০ রানেই ফেরেন অধিনায়ক রোহিত শর্মাসহ ৩ ব্যাটার। ৪৮ রানে হারায় চতুর্থ উইকেট।

এরপর হাল ধরেন তিলক বার্মা। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে তার অপরাজিত ৮৪ রানের ইনিংসে ৭ উইকেটে ১৭১ রানের সংগ্রহ পায় মুম্বাই। ৪৬ বলের ইনিংসটিতে ৯ চার ও ৪টি ছক্কা ছিল এই ব্যাটারের। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন করণ শর্মা।

জবাবে ব্যাটে নেমে উড়ন্ত সূচনা পায় বেঙ্গালুরু। দুই ওপেনার বিরাট কোহলি ও ডু প্লেসিসের জুটিতে আসে ১৪৮ রান। জয়ের ভিত গড়ে দিয়ে ১৪.৫ ওভারে আউট হন ডু প্লেসিস। ৪৩ বলে ৭৩ রান করেন তিনি।

পরের ওভারেই তিনে নামা ব্যাটার দিনেশ কার্তিক ফেরেন রানের খাতা না খুলেই। এরপর ১৬.২ ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে দলকে জয়ের নোঙরে পৌঁছান কোহলি। ৬ চার ও ৫ ছক্কায় ৪৯ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন কিংবদন্তি ব্যাটার। ৩ বলে ২ ছক্কায় ১২ রান করেন ম্যাক্সওয়েল।

মুম্বাইয়ের হয়ে একটি করে উইকেট নেন ক্যামেরুন গ্রিন ও আরশাদ খান।

বিষয়:আইপিএল কোহলি ডু প্লেসিস বেঙ্গালুরু মুম্বাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…