যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের ত্রিমুখী সংঘাতে বিশ্বের প্রায় সব দেশেই সংকট তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হওয়ায় সবচেয়ে বেশি বিপদে পড়েছে এশিয়ার দেশগুলো। এমন পরিস্থিতিতে যাতে জ্বালানী সাশ্রয় করা যায় সেটার জন্য ম্যাচের সময়ে পরিবর্তন আনা হয়েছে।
তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে সোমবার বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজ দিয়ে আগামী শুক্রবার শুরু মাঠের লড়াই। ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। নতুন সময়ে এখন তা শুরু হবে বেলা ১১টায়। ম্যাচ শেষের নির্ধারিত সময় ধরা হয়েছে সন্ধ্যা সাড়ে ৬টা। পুরো ১০০ ওভার খেলা হলে খেলা শেষ হতে পারে সন্ধ্যা ৭টার আশেপাশে। আগের সময়ে খেলা শেষ হতো ১০টার দিকে।
আর ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। পুরনো সূচি অনুযায়ী, টি-টুয়েন্টি ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টা থেকে। যার ফলে পুরো ম্যাচটি খেলতে হতো ফ্লাডলাইট জ্বালিয়ে। নতুন সময় সূচিতে ৬টার পরিবর্তে টি-টুয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর দুইটা থেকে। এক ঘণ্টা ২৫ মিনিটে শেষ করতে হবে প্রতি ইনিংসের খেলা। দুইটি ইনিংসের মধ্যে ২০ মিনিটের বিরতি হবে। বিসিবির নতুন সময় সূচিতে বিকেল ৫টা ১০ মিনিটের মধ্যে টি-টুয়েন্টি ম্যাচ শেষ হবে।
বিদ্যুৎ সাশ্রয়ে বাংলাদেশ সরকারের দেশব্যাপী আহ্বানে সাড়া দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি।







