সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

ছবি: সংগৃহীত
চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। ৩৫ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে। এছাড়া ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ তথ্য জানান।
আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ এবং ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে। আমন ধান ও চাল সংগ্রহ চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার ২০২৬ এর প্রতিশ্রুতি অনুযায়ী, বর্তমান সরকারের লক্ষ্য হলো, বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের উদ্দেশ্যে কৃষককেন্দ্রিক একটি আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা। এ লক্ষ্যে, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এই সংগ্রহ অভিযানের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা প্রমুখ।
উল্লেখ্য, গত বছর সরকার প্রতি কেজি ৫০ টাকায় সিদ্ধ চাল, ৪৯ টাকায় আতপ চাল এবং ৩৪ টাকায় ধান কিনেছিল। সে বছর ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল।






