ঘড়ির কাটায় যখন সকাল ১০টা, শুরু হয়েছিল বিসিবি নির্বাচনের কার্যক্রম। লম্বা সময় ধরে ভোটকেন্দ্রের বুথে ছিল না কোন ভোটার। ৪৪ মিনিট পর ঘটে অপেক্ষার অবসান। ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে একজন ভোটার এসে প্রথম ভোটটি দেন। বেলা গড়ানোর সাথে ভোট দিয়েছেন তামিম ইকবাল, ফাহিম সিনহাসহ অনেকে।
মূলত দুই ক্যাটাগরিতে হচ্ছে নির্বাচন: ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-২। ক্যাটাগরি-৩ থেকে একটি পরিচালক পদে একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্যাটাগরি-২ থেকে ৭ জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
রোববার বিকেল ৪টায় শেষ হবে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। খবর, চলমান নির্বাচনে ই-ভোট প্রদান করেছেন ৩৯ জন। ই-ভোট জমা দেয়ার শেষদিন ছিল রোববার, দুপুর ১টা পর্যন্ত।
ভোটগ্রহণ শেষ হলে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।
১৫টি পরিচালক পদের জন্য খুলনা ও বরিশাল বিভাগসহ অন্যান্য ক্যাটাগরিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগে পদের চেয়ে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় সরাসরি ভোটগ্রহণ চলছে।
খুলনায় দুটি পদের বিপরীতে মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, বরিশালের একটি আসনের জন্য লড়াইয়ে নেমেছেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।
ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন। এবারের নির্বাচনে ২৫টি পরিচালক পদের মধ্যে ইতিমধ্যে ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ফেনী জেলা ক্রীড়া সমিতির একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের পর চট্টগ্রাম বিভাগ থেকে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। একইভাবে ঢাকা বিভাগ থেকে সৈয়দ বিন জামান ও এস. এম. আব্দুল্লাহ আল ফুয়াদ এবং রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সাল আমিন ও সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সরাসরি নির্বাচিত হন।







