ফ্রান্স থেকে বায়ার্ন, অপ্রতিরোধ্য এক ওলিসের দেখা মিলছে

গোধূলিবেলায় ক্রিস্টিয়ানো রোনালদো, অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন লিওনেল মেসি, নেইমার তো জাতীয় দলকে বিদায় বলেই দিয়েছেন। আগামী দশকের চ্যালেঞ্জ নিয়ে মাঠ মাতাচ্ছেন কাইলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, লামিন ইয়ামাল এবং জুড বেলিংহ্যামরা। আড়াল ছাড়ছেন আরও অনেক উঠতি তারকাই। তাদের একজন ফ্রান্স ফরোয়ার্ড মাইকেল ওলিসে। চুপচাপ এবং নম্র স্বভাবের ফ্রেঞ্চম্যানকে বিশ্বকাপের আগে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ২৪ বর্ষী ফরোয়ার্ড বাকি পথ ছুটছেন আপন গতিতে।
ক্লাব কিংবা দেশের জার্সিতে, যখনই প্রয়োজন, ডি-বক্স থেকে তার মাপা শট বা অ্যাসিস্ট, দলকে খাদের কিনারা থেকে ফিরে আনছে। ২০২৫/২৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ ছিল। টানটান অবস্থা, ম্যাচের ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে ওলিসের গোলে জয় নিশ্চিত করে ফেলে বায়ার্ন। মৌসুমজুড়ে এমনই ছিলেন। সেই ফর্ম টেনে নিয়েছেন জাতীয় দল জার্সিতে বিশ্বকাপেও।
সবশেষ সোমবার রাতে নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের ৬০ মিনিটে মাঠে নেমেছিলেন ওলিসে। শেষ মুহূর্তে তার জোড়া গোল আসে। শুরুতে পিছিয়ে পড়া ম্যাচ ৪-১ গোলে জিতে নেয় ফ্রান্স।
গতরাতে ওলিসের পারফরম্যান্সের পর মুগ্ধ ফ্রান্স কোচ জিনেদিন জিদান বলেছেন, ‘রাতে যা হল, এটাই ফুটবল, এটাই আমরা ভালোবাসি। প্রথমার্ধে আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু এটা খেলার অংশ। এমন ম্যাচ মাঝেমধ্যেই হয়।’
‘আমরা জানতাম, বদলি খেলোয়াড়রা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ তারা উচ্চমানের। তবে এটি অবশ্যই সম্পূর্ণ দলীয় পারফরম্যান্স। বদলি খেলোয়াড়রা মাঠে নেমে পার্থক্য গড়ে দিয়েছেন।’
শেষ বিশ্বকাপ ছিল ওলিসের অভিষেক আসর। সর্বোচ্চ ৭টি অ্যাসিস্ট করে শীর্ষে ছিলেন। বিশ্বকাপে মেসির ১২ এবং ডিয়েগো ম্যারাডোনার ৮টির পর ওলিসে এখন ইতিহাসে তৃতীয় সর্বাধিক অ্যাসিস্টকারী, এক বিশ্বকাপ খেলেই।
ফ্রান্সের হয়ে কেবল ২৯ ম্যাচ খেলেছেন, ২৩ গোলে অবদান রেখেছেন ইতিমধ্যেই, যার মধ্যে ১১ গোল করেছেন এবং ১২টিতে করেছেন অ্যাসিস্ট। চলতি নেশনস লিগে ৪ ম্যাচে ২১১ মিনিট মাঠে ছিলেন ওলিসে, করেছেন ৪ গোল, সঙ্গে ২ অ্যাসিস্ট। এবছর জুনে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনি।
ফ্রান্সের দিদিয়ের দেশম থেকে জিনেদিন জিদান বা বায়ার্নের ভিনসেন্ট কোম্পানি, সব কোচের স্কোয়াডেই প্রথম পছন্দের একজন ওলিসে। মাঝমাঠ থেকে বল নিয়ে বাঁ-প্রান্ত থেকে আক্রমণে প্রতিপক্ষকে থমকে দিতে পারেন। বায়ার্নের হয়ে ২০২৫/২৬ মৌসুমে বুন্দেসলিগায় ৩২ ম্যাচে করেছিলেন ১৫ গোল ও ২১ অ্যাসিস্ট, চ্যাম্পিয়ন্স লিগে ১৩ ম্যাচে ৫ গোল ও ৭ অ্যাসিস্টে আলো কেড়েছেন।
চলতি মৌসুম কেবল শুরু, ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচে করে ফেলেছেন ৮ গোল এবং ৪ অ্যাসিস্ট। সেপ্টেম্বরের ১৯ তারিখ, ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ৭-০ গোলে জিতেছিল বায়ার্ন, হ্যাটট্রিক এবং দুটি অ্যাসিস্ট ছিল ফরাসি তারকার। ২৬ অক্টোবর লন্ডনে বসবে ৭০তম ব্যালন ডি’অরের আসর। গত মৌসুমের জন্য সংক্ষিপ্ত তালিকায় নাম আছে ওলিসেরও।






