বার্সেলোনার কিংবদন্তি সাবেক জাভি হার্নান্দেজ ২০২১ সালের শেষদিকে কোচ হিসেবে লা লিগায় আসার পর দুর্দান্ত সময় কাটিয়েছেন। গত মৌসুমে বার্সেলোনাকে শিরোপা জিতিয়েছেন। এ মৌসুমে তার সময়টা খারাপ যাওয়ায় দায়িত্ব ছাড়তে চেয়েছেন। তবে ক্লাবটিতে তার কোচিংয়ে মুগ্ধ সাবেক সতীর্থ ফ্রান্সের তারকা থিয়েরি হেনরি অঁরি।
বার্সেলোনায় ম্যানেজার হিসেবে জাভির কাজের মূল্যায়ন করতে গিয়ে অঁরি বলেছেন, ‘প্রথমে যা বলতে চাই তা হল, আমি তার কাজে মুগ্ধ। লোকে কী বলে আমি তা মোটেও মাথায় নেই না। তুমি লিগ শিরোপা জিতেছ এবং তার জন্য তোমার গর্বিত হওয়া উচিত।’
‘খেলার মাঠে তোমার সতীর্থ হতে পেরে আমি গর্বিত এবং বার্সেলোনায় তোমার থেকে অনেক শিখেছি। আশা করি তুমি সামনের দিকে এগিয়ে যাবে। কারণ তোমাকে নিয়ে কারও সাথে তুলনা চলে না। যেভাবে তুমি খেলাটাকে দেখ তাতে একজনের সাথে তুলনা চলে, সে হল পেপ গার্দিওলা।’ সাবেক বার্সা সতীর্থকে নিয়ে এভাবেই বলেছেন অঁরি।
‘সুতরাং, আশা করছি খুব শিগগিরই তুমি স্বরূপে ফিরবে এবং আমরা তা মাঠে দেখব। আমি জানি এখনও মৌসুমে অনেক সময় বাকি এবং তুমি জানো আমি কী ইশারা করছি। সুতরাং, দয়া করে ফিরে আসো।’
জাভি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন। কিন্তু তার ভবিষ্যৎ পরিকল্পনা কী তা জানা যায়নি। এ মৌসুমে বার্সেলোনার অবস্থান এখন তিনে। শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ এবং দ্বিতীয় স্থানে রয়েছে জিরোনা।








