টানা দুই মৌসুমে সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েদের। এশিয়ার গন্ডি পেরিয়ে বাইরের দলগুলোর ম্যাচ খেলার আকাঙ্ক্ষা বহুদিনের। সেই আকাঙ্ক্ষার কথা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জানিয়েছেন সাফজয়ী মেয়েরা। খেলতে চান ইউরোপসেরা ক্লাব বার্সেলোনার মেয়েদের বিপক্ষে।
শনিবার ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। সেখানে বাংলাদেশ দলের ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার এমন ইচ্ছের কথা জানান।
কৃষ্ণা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন এশিয়ার বাইরে তাদের জন্য একটি প্রীতি ম্যাচের ব্যবস্থা করতে। জানিয়েছেন, সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী ক্লাব বার্সেলোনার বিপক্ষে খেলতে চান তারা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিষয়টি। বলা হয়েছে, বিজয়ীদের দাবিগুলো মনোযোগের সঙ্গে শুনেছেন প্রধান উপদেষ্টা এবং অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে প্রতিশ্রুতিও দিয়েছেন।
প্রধান উপদেষ্টা স্বাগত বক্তব্যে মেয়েদের উদ্দেশ্যে বলেন, ‘এই সাফল্যের জন্য আমি গোটা জাতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের দেশের মানুষ সাফল্য চায়। আপনারা আমাদের সাফল্য এনে দিয়েছেন।’
অনুষ্ঠানে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার ও ম্যানেজার মাহমুদা আক্তারের পাশাপাশি উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।







