এখনও চূড়ান্ত লক্ষ্য ঠিক করেননি সিমন্স
ইউএই ওডিআই ট্রাই-সিরিজ

আবুধাবিতে চলমান ওডিআই ট্রাইনেশন সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। তাদের ফাইনাল খেলার আশা এখনও শেষ হয়ে যায়নি। সোমবার আফগানিস্তান-জিম্বাবুয়ে ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। তবে বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স এখনও তার লক্ষ্য ঠিক করেননি।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো ভিডিওবার্তায় সিমন্স জানান, ‘আমরা এখনও কোনো চূড়ান্ত লক্ষ্য ঠিক করিনি, এই ম্যাচে (জিম্বাবুয়ে-আফগান) কী ঘটে তা আমাদের আগে দেখতে হবে। যদি এই ম্যাচে নির্দিষ্ট কিছু সমীকরণ তৈরি হয় এবং ফাইনালে যেতে পরের ম্যাচে আমাদের কী করতে হবে তা স্পষ্ট হয়, তখন আমরা সেটা নিয়ে ভাবব।’
‘যদি সাধারণ নিয়মেই জয় আসে, তবে তো সরাসরি পথ খোলাই রয়েছে। তাই এই ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত আমরা মূল্যায়ন করতে পারছি না আমাদের কী করতে হবে।’
অধিনায়ক লিটন দাস সিরিজ থেকে ছিটকে দেশে ফিরে যাওয়াকে বড় ধাক্কা হিসেবে দেখা হলেও, অসুস্থতা কাটিয়ে মেহেদী হাসান মিরাজের অনুশীলনে ফেরা স্বস্তি দিচ্ছে দলকে। এ নিয়ে সিমন্স বলেন, ‘ঐ মানের একজন খেলোয়াড়কে আমরা সবসময়ই মিস করব, এটা খুবই স্বাভাবিক। কিন্তু একই সাথে এটি অন্য কারও জন্য দলে এসে দায়িত্ব নেয়ার এবং আমাদের ম্যাচ জেতাতে সাহায্য করার সুযোগ তৈরি করে দেয়।’
‘আমরা মূলত এটাই গড়ে তোলার চেষ্টা করছি যখন কেউ ছিটকে যাবে, তখন অন্য কেউ এসে সেই জায়গাটা পূরণ করবে এবং ওই পজিশনের প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করবে। তাই আশা করছি, আসন্ন ম্যাচে এই পজিশনে যিনিই ব্যাট করবেন, তিনি এই দায়িত্বটা ঠিকভাবে পূরণ করতে পারবেন।’
জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের হার দিয়ে ফাইনালে ওঠার পথ এখন বেশ কঠিন হয়ে গেছে বাংলাদেশের। তিন দলের আসরে ফাইনালে যেতে হলে কঠিন চ্যালেঞ্জ সামনে বাংলাদেশের। এমনকি সবটা নিজেদের হাতেও নেই তাদের।






