আন্তর্জাতিক

২০২৭ সালের জুনে সিএনএন ছাড়ছেন ক্রিস্টিয়ান আমানপুর

২০২৭ সালের জুনে সিএনএন ছাড়ছেন ক্রিস্টিয়ান আমানপুর

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৪৩ বছরের কর্মজীবনের ইতি টেনে ২০২৭ সালের জুনে সিএনএন ছাড়ছেন নেটওয়ার্কটির প্রধান আন্তর্জাতিক উপস্থাপক ক্রিস্টিয়ান আমানপুর।

সোমবার ১৯ অক্টোবর ৬৮ বছর বয়সী এই সাংবাদিকের বিদায়ের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সিএনএনের প্রধান নির্বাহী মার্ক থম্পসন।

সহকর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় থম্পসন জানান, সিএনএনে ৪৩ বছরের বেশি সময় কাটানোর পর আমানপুর মনে করছেন, জীবনের নতুন অধ্যায় শুরুর উপযুক্ত সময় এসেছে।

এক বিবৃতিতে আমানপুর বলেন, অনেক মাস ধরে ভাবনাচিন্তা এবং কয়েকটি নির্ঘুম রাত কাটানোর পর তিনি সিএনএন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিষ্ঠানটির সঙ্গে তার ৪৩টি অসাধারণ বছর কেটেছে। ভবিষ্যতে নতুন ও আকর্ষণীয় প্রকল্পে কাজ করার প্রত্যাশা থাকলেও সিএনএনের স্বাধীন সাংবাদিকতার ঐতিহ্যের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন তিনি।

২০০৯ সাল থেকে সিএনএন ইন্টারন্যাশনালে নিজের নামে একটি সাক্ষাৎকার অনুষ্ঠান উপস্থাপনা করে আসছেন আমানপুর। ২০২৫ সালের জানুয়ারি থেকে অনুষ্ঠানটির উপস্থাপনা কমিয়ে সপ্তাহে কয়েক দিন করেন তিনি।

২০২৭ সালের জানুয়ারি থেকে অনুষ্ঠানটি সপ্তাহে এক দিন প্রচারিত হবে। ওই বছরের মে মাসে অনুষ্ঠানটির প্রচার শেষ হবে। এরপর ২০২৭ সালের জুনের শেষ দিকে সিএনএন থেকে বিদায় নেবেন আমানপুর। বিদায়ের আগ পর্যন্ত নেটওয়ার্কটির হয়ে প্রতিবেদন তৈরি ও বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ অব্যাহত রাখবেন তিনি।

থম্পসন আমানপুরকে বিশ্বের অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় সাংবাদিক হিসেবে বর্ণনা করেছেন। তার বিদায়ে দু:খ প্রকাশ করে সিএনএনের প্রধান নির্বাহী বলেন, ব্যক্তিগত ও পেশাগত উভয় দিক থেকেই এটি আমানপুরের জন্য সঠিক সময়।

দীর্ঘ কর্মজীবনে প্রথম উপসাগরীয় যুদ্ধ, বসনিয়া যুদ্ধ, রুয়ান্ডা, আফগানিস্তান, ইউক্রেন ও ইরানের সংঘাতসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা কাভার করেছেন আমানপুর। সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সত্য, প্রমাণ ও মানবিকতার সন্ধানে তাঁদের সম্মিলিত প্রচেষ্টা সিএনএনের সাংবাদিকতাকে এগিয়ে নিয়েছে।

এদিকে, পিবিএসে প্রচারিত তাঁর অনুষ্ঠান ‘আমানপোর অ্যান্ড কোম্পানি’ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে। তবে সাবেক স্বামী জেমি রুবিনের সঙ্গে ‘দ্য এক্স ফাইলস’ পডকাস্ট চালিয়ে যাবেন তিনি।

বিষয়:আন্তর্জাতিক উপস্থাপক কর্মজীবন ক্রিস্টিয়ান আমানপুর মার্ক থম্পসন সিএনএন সিএনএনের প্রধান নির্বাহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…