‘ইশরাকের ওপর রাজনৈতিক আক্রমণ হবে’, ফজলুর রহমানের পুরোনো বক্তব্য ভাইরাল

ছবি: সংগৃহীত
ঢাকা শহর দখল করতে বিএনপিকে দুর্বল করা প্রয়োজন এবং দলটির নেতা ইশরাক হোসেনের ওপর রাজনৈতিক আক্রমণ হতে পারে। এমন বক্তব্য দিয়েছিলেন বিএনপি নেতা ফজলুর রহমান। ২০২৫ সালের ১০ এপ্রিল দেওয়া তার সেই বক্তব্যের ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বক্তব্যটি নেটদুনিয়ায় ভাইরাল হয়।
বক্তব্যে ফজলুর রহমান বলেন, দুই দিন পরে ইশরাক নামক একটা ছেলের ওপর আক্রমণ হবে। আঘাত হবে। সেটা লাঠির আঘাত না, রামদার আঘাত না, রাজনৈতিক আঘাত।
তিনি বলেন, সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে ইশরাক হোসেনের ঢাকায় রাজনৈতিক অবস্থান রয়েছে। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপরও আক্রমণ শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ফজলুর রহমানের দাবি, স্বাধীনতাবিরোধী শক্তি ঢাকা শহরের নিয়ন্ত্রণ নিতে চায়। এ জন্য বিএনপিকে মানুষের কাছে অপ্রিয় ও ঘৃণিত করে তোলার চেষ্টা চলছে। তার ভাষ্য, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএনপিই এখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়ায় দলটিকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপিকে নি:শেষ করতে হলে প্রথমে ঢাকা শহরের নিয়ন্ত্রণ নিতে হবে। এ উদ্দেশ্যে দলটির নেতাদের ওপর রাজনৈতিক আক্রমণ চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বক্তব্যে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন ফজলুর রহমান। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন, সেই ছাত্ররা একসময় বিষয়টি বুঝতে পারবেন।
তবে ২০২৫ সালের ১০ এপ্রিল দেওয়া বক্তব্যটি নতুন করে ভাইরাল হওয়ার পর ইশরাক হোসেনের ওপর হামলার বিষয়ে কোনো নির্দিষ্ট ঘটনার তথ্য এই বক্তব্যে উল্লেখ করা হয়নি।






