লামিন ইয়ামাল, স্পেন ও বার্সেলোনার কৈশোর না পেরোনো ওয়ান্ডারবয়। ক্লাব ও জাতীয় দলে খেলে ইতিমধ্যে কয়েকটি শিরোপাও জিতেছেন। ১৭ বর্ষী উঠতি তারকার আদর্শ কিংবদন্তি লিওনেল মেসি। বার্সেলোনার সাবেককে আদর্শ মনে হলেও মেসির পর্যায়ে পৌঁছানো অসম্ভব, বলছেন ইয়ামাল।
ইতিমধ্যেই বার্সেলোনা ও স্পেনের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন ইয়ামাল। তার মাঝে অনেকে খুঁজে পাচ্ছেন মেসির ছায়াও। অনেকে বলছেন, ইয়ামালই হবেন বার্সার ভবিষ্যৎ মেসি।
স্প্যানিশ টিভি স্টেশন এন্টেনা ৩কে সে প্রসঙ্গে ইয়ামাল বলেছেন, ‘আমার ভালোই লাগে যখন তারা আমাকে ফুটবলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের সঙ্গে তুলনা করে, কিন্তু আমি আমার মতোই হতে চাই। মেসির পর্যায়ে পৌঁছানো অসম্ভব।’
‘আমি সেই ১২০ মিলিয়ন ইউরো চাই না, কারণ তখন আমাকে বার্সা ছেড়ে যেতে হবে। আমি এই ক্লাব ছাড়তে চাই না, কিংবদন্তি হতে চাই।’
স্পেনের হয়ে দুর্দান্ত পারফর্ম করে ইউরো জিতেছেন ইয়ামাল। বার্সার হয়েও চোখ ধাঁধানো পারফরম্যান্সে নজর কেড়েছেন। লা লিগার সর্বকনিষ্ঠ গোলদাতা তিনি, সবচেয়ে কম বয়সে ইউরো খেলার রেকর্ড তার দখলে।








