মৌসুমের শেষ এল ক্ল্যাসিকো শুরু হতে বাকি আর কয়েক ঘণ্টা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট অর্জন করতে পারলেই টানা দ্বিতীয় লা লিগা শিরোপা উচিয়ে ধরবে বার্সেলোনা। তবে এত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এক মর্মান্তিক শোকের সম্মুখীন হয়েছেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক। বার্সেলোনা নিশ্চিত করেছে, রোববার সকালে কোচের বাবা মারা গেছেন।
রোববার রাত ১টায় লা লিগার ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এদিন সন্ধ্যায় বার্সা কোচ ফ্লিকের বাবার মৃত্যুর খবর ঘোষণা করে কাতালুনিয়ার ক্লাবটি। ক্লাবের পক্ষ থেকে দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা তার দুঃখে অংশীদার এবং এই কঠিন সময়ে তার ও তার পরিবারের পাশে আছি।’
সকালে বাবার মৃত্যুর খবর বার্সেলোনা স্কোয়াড এবং কোচিং স্টাফকে জানান ফ্লিক। তিনি আরও নিশ্চিত করেছেন যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে তিনি ডাগআউটে থাকবেন।
জার্মানিতে ফিরে পরিবারের সাথে থাকার কথা থাকলেও আপাতত তিনি এল ক্ল্যাসিকোর জন্য বার্সেলোনাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবে এবং কোচের বাবার শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করবেন।








