অপহরণের কয়েক ঘণ্টা পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র

ছবি: সংগৃহীত
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে অপহরণের শিকার হওয়ার কয়েক ঘণ্টা পর জীবিত উদ্ধার হয়েছেন দেশটির সীমান্তবর্তী শহর রিও ব্রাভোর মেয়র মিগেল অ্যাঞ্জেল আলমারাজ।
রোববার (৮ নভেম্বর) তাকে অপহরণকারীরা ছেড়ে দেয় বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় কর্মকর্তারা। মাদক চোরাকারবারি চক্রের তৎপরতা ও সহিংসতার জন্য পরিচিত এই অঞ্চলে ঘটনাটি ঘটেছে।
শনিবার (৭ নভেম্বর) জাকাতেকাস ও সান লুইস পোটোসি রাজ্যের সীমান্তবর্তী এলাকায় পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে গাড়িতে করে যাওয়ার সময় সশস্ত্র ব্যক্তিরা তাঁর গাড়ির গতিরোধ করে। পরে তাঁকে অপহরণ করা হলেও গাড়িতে থাকা অন্যদের ছেড়ে দেওয়া হয়।
আলমারাজের স্বজনেরা সান লুইস পোটোসি রাজ্যের একটি শহরে পৌঁছে কর্তৃপক্ষকে ঘটনাটি জানান। রাজ্যটির নিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, এরপরই তাঁকে উদ্ধারে তৎপরতা শুরু হয়। রোববার (৮ নভেম্বর) জাকাতেকাস শহরে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর অপহরণকারীরা তাঁকে মুক্তি দেয়।
মিগেল অ্যাঞ্জেল আলমারাজ যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্ত থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে তামাউলিপাস রাজ্যের রিও ব্রাভো পৌরসভার মেয়র। শহরটির জনসংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজার।
২০১৫ সালে অর্থপাচারের অভিযোগে ছয় বছর কারাভোগের পর তিনি আদালতে খালাস পান। তিনি রক্ষণশীল ন্যাশনাল অ্যাকশন পার্টির (পিএএন) সদস্য। এর আগে তিনি বামপন্থি পার্টি অব দ্য ডেমোক্রেটিক রেভল্যুশনের (পিআরডি) সঙ্গে যুক্ত ছিলেন।
কেন তাঁকে অপহরণ করা হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে দেশটির কর্তৃপক্ষ।
জাকাতেকাস রাজ্যে জালিসকো নিউ জেনারেশন কার্টেল ও সিনালোয়া কার্টেলের তৎপরতা রয়েছে। এসব অপরাধী চক্রের বিরুদ্ধে বেসামরিক নাগরিক ও রাজনীতিবিদদের ওপর হামলার অভিযোগ রয়েছে।
এর আগে গত আগস্টে জাকাতেকাস রাজ্যের ওহো কালিয়েন্তে শহরে পৌর পুলিশ সদর দপ্তরের বাইরে একটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১১ জন আহত হন এবং প্রায় ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সাম্প্রতিক সময়ে একটি অপরাধী চক্রের সদস্যকে গ্রেপ্তারের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে জানিয়েছিলেন কর্মকর্তারা।






