স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার ২০২৫-২৬ মৌসুমের জার্সি উম্মোচিত হয়েছে ২ জুলাই। মঙ্গলবার কাতালুনিয়ান ক্লাবটি তাদের দ্বিতীয় জার্সিটিও উম্মোচিত করে। প্রয়াত মার্কিন বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্টের স্মরণে জার্সিটিতে রাখা হয়েছে ‘কোবি শেথ’ মোড়কে। যেখানে জার্সির বুকের ডানপাশের অংশে জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ড নাইকির লোগোর জায়গায় স্থান পায় প্রয়াত কোবির ব্র্যান্ড।
পাঁচবার ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) চ্যাম্পিয়নশিপ জিতেছেন কোবি ব্রায়ান্ট। ১৮ বার অল-স্টার পাওয়া কোবি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাংশে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান।
কাতালুনিয়ান ক্লাবটি জানিয়েছে, ‘প্রয়াত বাস্কেটবল তারকা কোবির সঙ্গে বার্সেলোনার বিশেষ সম্পর্ক ছিল। বার্সেলোনায় এসে ক্লাব সদস্য ও ফুটবলারদের সাথে দেখা করেছিলেন কোবি। যুক্তরাষ্ট্রে যখন বার্সেলোনা খেলতে গিয়েছিলো তখনও কোবির সরব উপস্থিতি ছিলো।’
বার্সেলোনা আরও জানিয়েছে, ‘এমন উদ্দেশ্যে ব্র্যান্ডগুলোর সাথে সমন্বয় করা হয়। এনবিএ কিংবদন্তি এবং বার্সেলোনার সঙ্গে ক্রীড়া সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ রাখাই বার্সেলোনার ডিএনএর একটি অংশ।’
‘এমন চুক্তির উদ্দেশ্য হচ্ছে ভ্রাতৃত্বের সম্পর্ককে উজ্জীবিত রাখা। একই সময়ে কোবি ভক্ত ও বার্সেলোনার মধ্যকার বৈশ্বিক সম্পর্কে প্রভাব ফেলা। ক্রীড়াঙ্গণে যুক্তরাষ্ট্রের অবদানকে স্মরণ করিয়ে দিতেও বার্সেলোনা তৎপর।’







