লা লিগায় ওসাসুনার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। তাতে তিন পয়েন্ট এগিয়ে গেছে টেবিলের শীর্ষে থাকা দলটি। তবে ওসাসুনার বিপক্ষে জয়ের ম্যাচ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ফিফার নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে কাতালান ক্লাবটির বিপক্ষে। এ নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আপিল করার কথা ভাবছে ওসাসুনা।
শুক্রবার স্প্যানিশ সংবাদমাধ্যমে এমন খবর বের হয়েছে। গত ৮ মার্চ ওসাসুনার বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচের আগে বার্সেলোনার চিকিৎসকের মৃত্যুতে তা পিছিয়ে যায়। নতুন সূচিতে আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর ম্যাচটির দিন ঠিক করা হয়। যদিও তা নিয়ে দুই ক্লাবই আপত্তি জানায়, তবে কাজ হয়নি। ম্যাচ শেষে সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দুদলের কোচই।
তবে বিতর্কটা বার্সোলানার হয়ে ইনিগো মার্টিনেজের খেলা নিয়ে। কাতালান ক্লাবটির হয়ে পুরো নব্বই মিনিটই খেলেছেন বার্সেলোনার এই স্প্যানিশ ডিফেন্ডার। ফিফার চলতি বিরতিতে উয়েফা নেশন্স লিগের দুই লেগের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে স্পেন দলে ডাক পেয়েছিলেন মার্টিনেজ। তবে হাঁটুর চোটের কারণে দল থেকে ছিটকে যান।
আর সেখানেই আইন না মানার অভিযোগ আর্জেন্টিনার বিপক্ষে। ফিফার নিয়ম অনুযায়ী, চোটের কারণে যদি কোনো খেলোয়াড় জাতীয় দলের স্কোয়াড ছিটকে যান তাহলে আন্তর্জাতিক উইন্ডোর শেষ ম্যাচের পর পাঁচ দিন ক্লাবের হয়ে তিনি খেলতে পারবেন না। তবে ওই দেশের ফেডারেশন তাকে খেলার অনুমতি দিলে খেলতে পারবেন তিনি।
গত রোববার আন্তর্জাতিক বিরতিতে শেষ ম্যাচ খেলেছিল স্পেন। অর্থাৎ, ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ম্যাচের চার দিন আগে।
স্প্যানিশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর, বার্সেলোনার বিরুদ্ধে ফিফার নিয়ম ভাঙার অভিযোগে ফেডারেশনের কাছে আপিল করার কথা বিবেচনা করছে ওসাসুনা। নিয়ম অনুযায়ী যদি মার্টিনেজ এই ম্যাচে খেলার অযোগ্য বলে বিবেচিত হন, তাহলে ওসাসুনার বিপক্ষে জয় থেকে বার্সেলোনার পয়েন্ট কাটা হতে পারে বা ম্যাচটি বাজেয়াপ্ত হতে পারে।







