ন্যু ক্যাম্পে ফেরার অপেক্ষা আরও বাড়ল বার্সেলোনার। কাতালুনিয়ান ক্লাবটি জানিয়েছে, মে মাসের আগে ঐতিহ্যবাহী স্টেডিয়ামটিতে ফিরতে পারছে না তারা। সংস্কার কাজ এখনও চলমান।
১৯৫৭ সালে যাত্রা শুরু করা ন্যু ক্যাম্প বার্সেলোনার নিজস্ব স্টেডিয়াম। এটিকে আরও আধুনিকায়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি ও দর্শক আসন বাড়িয়ে বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াকেন্দ্রে পরিণত করার লক্ষ্যে শুরু হয় সংস্কার কাজ। ২০২৩ সালের মাঝামাঝিতে শুরু হয় কাজ।
সংস্কার কাজ শেষ না হওয়ায় কাতালান জায়ান্টরা অলিম্পিক স্টেডিয়ামেই চলতি মৌসুম শেষ করতে চলেছে। যেখানে তারা খেলছে ২০২৩ সালের গ্রীষ্ম মৌসুম থেকে। অবশ্য মে মাসে একটি ম্যাচ আয়োজের সম্ভাবনা এখনও বাতিল হয়ে যাচ্ছে না ন্যু ক্যাম্পে।
বার্সা লা লিগার চলতি মৌসুম শেষ করবে রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল ম্যাচ দিয়ে। ম্যাচ দুটি মাঠে গড়াবে ১১ ও ১৮মে।
নতুন ঘোষণায় বলা হয়েছে অলিম্পিক স্টেডিয়ামে তারা খেলবে ২৩ এপ্রিল পর্যন্ত। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ মায়োর্কা। তার মানে চ্যাম্পিয়ন্স লিগে তাদের বাকি সব ম্যাচ হবে অলিম্পিক স্টেডিয়ামে।
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মতো করে বার্সেলোনার এই উদ্যোগ। ২০১৯ সালে রিয়াল তাদের বিখ্যাত সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের সংস্কার কাজ করেছিল।








