গত আসরে জিরোনার সঙ্গে দুবারের দেখায় প্রতিবারই হার নিয়ে মাঠ ছেড়েছিল জাভি হার্নান্দেজের বার্সেলোনা। নতুন কোচ হ্যান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়া বার্সা সেটির শোধ নিয়েছে। জিরোনার মাঠে জিতে লিগে জয়যাত্রা ধরে রেখেছে কাতালান ক্লাবটি। দুর্দান্ত খেলা বার্সার জয়টা প্রাপ্য ছিল, বলছেন কোচ।
জিরোনার সঙ্গে রোববার রাতে ৪-১ গোলে জয়ের ম্যাচে দুই গোল করেছেন লামিন ইয়ামাল। তার জোড়া গোলের পাশাপাশি বাকি গোল দুটি করেন দানি ওলমো ও পেদ্রি। জিরোনার একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ান স্টুয়ানি। পাঁচ ম্যাচ খেলে সবকটি জিতে টেবিলের শীর্ষে হ্যান্সি ফ্লিকের দল। অন্যদিকে দুই জয়, এক ড্র ও দুই হারে সাতে জিরোনা।
৫৯ বর্ষী জার্মান কোচ ফ্লিক পরে বলেছেন, ‘মৌসুম সবে শুরু হয়েছে। আমরা খুবই ভালো খেলছি, আমাদের সম্পূর্ণ মনোনিবেশ খেলায়। ম্যাচে নিজেরা সুযোগ তৈরি করে নিয়েছি। তাদের উপর চাপ তৈরি হয়েছে।’
‘ইয়ামালের প্রথম গোলটি ছিল অবিশ্বাস্য। খুব সুন্দর। জয়টা আমাদের প্রাপ্য ছিল, তবে ম্যাচটা বেশ কঠিন ছিল। জিরোনা খুব ভালো দল। তবে আমাদের শুরুটা খুব ভালো ছিল। আমি মনে করি আমরা জয়ের যোগ্য।’







