কায়রোতেও পুরস্কৃত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আবারও বাংলাদেশের অর্জন। মিশরে অনুষ্ঠিত ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ বিভাগে বিশেষ সম্মাননা পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’, যার বাংলা নাম ‘সাঁকোটা দুলছে’।
বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। প্রযোজনা করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক।
২০২৬ সালের ১১ থেকে ২০ নভেম্বর মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয় ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ বিভাগের প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশেষ সম্মাননা অর্জন করে চলচ্চিত্রটি। ২০ নভেম্বর উৎসবের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়। এ সময় চলচ্চিত্রটির সহযোগী প্রযোজক ক্রিস্টোফ থোকে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।
চলচ্চিত্রটি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হয়। ১৬ নভেম্বর কায়রো অপেরা হাউসের স্মল থিয়েটার এবং ১৭ নভেম্বর তাহরির সিনেমায় চলচ্চিত্রটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
গ্রামীণ বাংলাদেশের তিন তরুণীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার ও সামাজিক বিধিনিষেধের বাস্তবতা উঠে এসেছে চলচ্চিত্রটির কাব্যিক নির্মাণশৈলীতে। অন্ধ এক কিশোরীর স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং একটি হাতির সঙ্গে তার সাক্ষাতের মধ্য দিয়ে মানুষের স্বাধীনতা, সামাজিক বন্দিত্ব ও মুক্তির প্রশ্ন অনুসন্ধান করেছে চলচ্চিত্রটি।
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আরব বিশ্ব, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোর একটি হিসেবে পরিচিত এই উৎসব আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজক সমিতি ফেডারেশন কর্তৃক স্বীকৃত প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসব।
উৎসবটির আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ বিভাগে বিশেষভাবে নতুন ও স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাতাদের কাজ আন্তর্জাতিক দর্শক, চলচ্চিত্র সমালোচক ও পেশাদার চলচ্চিত্র অঙ্গনের সামনে তুলে ধরা হয়। এই বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য শাদি আবদেল সালাম পুরস্কার এবং বিশেষ জুরি পুরস্কার হিসেবে ফাথি ফারাগ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি নির্বাচিত চলচ্চিত্রকে বিশেষ সম্মাননাও প্রদান করা হয়।
এর আগে ২০২৬ সালে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়ে ‘সাঁকোটা দুলছে’র আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি ছবিটি ইতোমধ্যে তিনটি পুরস্কার অর্জন করেছে।
চলচ্চিত্রটির উল্লেখযোগ্য আন্তর্জাতিক পুরস্কারগুলো হলো—
১. গোল্ডেন গোবলেট পুরস্কার—শ্রেষ্ঠ চিত্রগ্রহণ: ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চীন।
২. গোল্ডেন ক্রেন পুরস্কার—শ্রেষ্ঠ চিত্রগ্রহণ: ২৪তম আমুর অটাম আন্তর্জাতিক চলচ্চিত্র ও থিয়েটার উৎসব, রাশিয়া।
৩. বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার—শ্রেষ্ঠ পরিচালক: ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আয়ারল্যান্ড।
এ ছাড়া চলচ্চিত্রটি ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক সমালোচক সপ্তাহের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। ৩৪তম এনার্গাক্যামেরিমেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক ও চিত্রগ্রাহকদের প্রথম চলচ্চিত্রবিষয়ক দুটি প্রতিযোগিতা বিভাগেও স্থান পেয়েছে ছবিটি।
পাশাপাশি ৩২তম মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘লিস্তাপাদ’-এর সিনেমা অব দ্য ইয়াং প্রতিযোগিতা বিভাগে ছয়টি পুরস্কারের মনোনয়ন পেয়েছে এবং ২১তম জগজা-নেটপ্যাক এশিয়ান চলচ্চিত্র উৎসবের এশিয়ান পার্সপেক্টিভস বিভাগে নির্বাচিত হয়েছে।
বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র ও জার্মানির মোগাদর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ৮০ মিনিটের বাংলা ভাষার এই চলচ্চিত্র। এর সহযোগী প্রযোজক ক্রিস্টোফ থোকে, সহপ্রযোজক ফজলে হাসান শিশির এবং পরামর্শক প্রযোজক আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ও প্রোগ্রামার ডার্সি প্যাকুয়েট।
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত, রবিউস সানিসহ অন্যরা।
চিত্রগ্রহণ করেছেন সামিউল করিম সুপ্তক, সম্পাদনায় রয়েছেন হাসিব আহমেদ, রং বিন্যাস করেছেন চিন্ময় রায়। শব্দ পরিকল্পনা ও মিশ্রণের দায়িত্বে ছিলেন শৈব তালুকদার এবং সংগীত পরিচালনা করেছেন সায়ন মাংসাং।
কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের সাফল্যের তালিকায় নতুন সংযোজন হলো ‘সাঁকোটা দুলছে’।






