বিনোদন

প্রথম সিনেমাতেই বিশ্ব মঞ্চে জিহাদ, আরো দুই উৎসবে ‘সাঁকোটা দুলছে’

৪৭তম কায়রো ও ৩৪তম ক্যামেরিমেজ চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে ‘সাঁকোটা দুলছে’

প্রথম সিনেমাতেই বিশ্ব মঞ্চে জিহাদ, আরো দুই উৎসবে ‘সাঁকোটা দুলছে’

আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য পাচ্ছে দেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’। এবার মিশরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ছবিটি।

পাশাপাশি পোল্যান্ডের ৩৪তম ক্যামেরিমেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুটি বিভাগে জায়গা করে নিয়েছে এটি। সেখানে পরিচালক ইশতিয়াক আহমেদ জিহাদ ও চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তক গোল্ডেন ফ্রগ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।

মনপাচিত্র ও জার্মানির মগাদর ফিল্ম-এর যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির ইংরেজি নাম ‘দ্য ব্লাইন্ড গার্ল এন্ড আ এলিফ্যান্ট’।

এর আগে চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির বিশ্ব প্রিমিয়ার হয়। সেখানে শ্রেষ্ঠ চিত্রগ্রহণের পুরস্কার জেতেন সামিউল করিম সুপ্তক। পরে রাশিয়ার আমুর অটাম চলচ্চিত্র উৎসবেও শ্রেষ্ঠ চিত্রগ্রহণের পুরস্কার পায় ছবিটি।

আগামী ৭ থেকে ১৪ নভেম্বর পোল্যান্ডের তোরুন শহরে অনুষ্ঠিত হবে ক্যামেরিমেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে ‘সাঁকোটা দুলছে’ নির্বাচিত হয়েছে ডিরেক্টরস ডেব্যুস কম্পিটিশন ও সিনেমাটোগ্রাফারস ডেব্যুস কম্পিটিশন বিভাগে।

প্রথম বিভাগে পরিচালনার জন্য গোল্ডেন ফ্রগের মনোনয়ন পেয়েছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। অন্যদিকে, চিত্রগ্রহণের জন্য একই পুরস্কারের মনোনয়ন পেয়েছেন সামিউল করিম সুপ্তক।

এদিকে, ১১ থেকে ২০ নভেম্বর মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হবে ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক কম্পিটিশন বিভাগে নির্বাচিত হয়েছে ছবিটি। সেখানে শাদি আবদেল সালাম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম এবং ফেদি ফারাজ অ্যাওয়ার্ড, স্পেশাল জুরি প্রাইজ-এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে এটি।

প্রথম সিনেমা দিয়েই বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগকে কীভাবে দেখছেন, এমন প্রশ্নে তরুণ নির্মাতা জিহাদ চ্যানেল আই অনলাইনকে বলেন,“একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজের নির্মিত সিনেমা বিভিন্ন দেশের, বিভিন্ন সংস্কৃতির দর্শকের সামনে প্রদর্শনের সুযোগ তৈরি হওয়া সত্যিই আনন্দের। ‘সাঁকোটা দুলছে’র আজকের এই সাফল্যের পুরো ক্রেডিটটা আসলে টিমের সকলের। আমাদের প্রযোজক মনোজ প্রামাণিক চলচ্চিত্র নির্মাণের শুরু থেকে এখন অবধি আমাদের সাথে আছেন চলচ্চিত্রটির সাথে আছেন এইটা আমাদের আসলে সাহস যুগিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে এতে করেই আমরা চলচ্চিত্রটি শেষ করে আজকের এই পর্যায়ে এসেছি।”

মিশর ও পোল্যান্ডের দুই উৎসবে ‘সাঁকোটা দুলছে’ নির্বাচিত হয়েছে। এ নিয়ে জিহাদ বলেন,“কায়রো এবং ক্যামেরিমেজ খুবই প্রেস্টিজিয়াস চলচ্চিত্র উৎসব, বিশ্বের বিভিন্ন বড় বড় চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত চলচ্চিত্রের সাথে সাঁকোটা দুলছের সিলেকশন আমাদের সাহস যোগায়।”

শিগগিরই দেশের মানুষ ‘সাঁকোটা দুলছে’ দেখতে পারবে জানিয়ে তরুণ এই নির্মাতা বলেন,“সব ঠিক থাকলে আমরা হল রিলিজের পর ওটিটি রিলিজের দিকেও মুভ করবো।”

‘সাঁকোটা দুলছে’ গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষার গল্প। কুসংস্কার, ধর্মীয় রক্ষণশীলতা ও পুরুষতান্ত্রিক সমাজের নানা বাধার মধ্যে নিজেদের মতো করে বাঁচার পথ খোঁজে তারা। ছবিতে এক দৃষ্টিপ্রতিবন্ধী তরুণীর জীবনের নানা বাঁকের মধ্য দিয়ে স্বাধীনতা, আশা ও প্রতিরোধের গল্প তুলে ধরা হয়েছে।

ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। প্রযোজক মনোজ প্রামাণিক। সহযোগী প্রযোজক হিসেবে রয়েছেন জার্মান প্রযোজক ক্রিস্টোফ থোকে এবং সহপ্রযোজক ফজলে হাসান শিশির। পরামর্শক প্রযোজক হিসেবে যুক্ত আছেন চলচ্চিত্র সমালোচক ও প্রোগ্রামার ডার্সি প্যাকুয়েট।

৮০ মিনিটের সাদাকালো চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানিসহ অনেকে।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে ‘সাঁকোটা দুলছে’ বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাণ এবং বাংলাদেশ-জার্মানি যৌথ প্রযোজনার সম্ভাবনাকে নতুন করে তুলে ধরছে।

বিষয়:ইশতিয়াক আহমেদ জিহাদ কায়রো ফিল্ম ফেস্ট মনপাচিত্র মনোজ প্রামাণিক সাঁকোটা দুলছে সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…