টেস্ট সিরিজে সমতায় শেষ করতে পারলেও ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সোমবার তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে নামছে টিম টাইগার্স। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটের কারণে স্কোয়াডে না থাকায় ক্যারিবীয় দ্বীপ সেন্ট ভিনসেন্টে লিটন দাসের নেতৃত্বে খেলবে লাল-সবুজ দল।
১৬ ডিসেম্বর বিজয়ের সকালে কিংসটাউনের আর্নোস ভ্যালে গ্রাউন্ডে প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। খেলা গড়াবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।
নাজমুল হাসান শান্ত’র পাশাপাশি চোটের কারণে দলে নেই তাওহীদ হৃদয়। তবে স্কোয়াডে ফিরেছেন আফিফ হোসেন ও শামীম হোসেন। এছাড়া নতুন মুখ হিসেবে দলে আছেন ২১ বর্ষী রিপন মণ্ডল।
ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ভালো করেছেন দু্ই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। ফিনিশিংয়ে জাকের আলি অনিক আলো ছড়িয়েছেন। ব্যাটিংয়ে তাদের উপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট।
ওয়ানডে ও টেস্টে দারুণ করা নাহিদ রানা টি-টুয়েন্টির প্রাথমিক দলে না থাকলেও পরে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেন্ট ভিনসেন্টে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে অভিষেক হতে পারে তার। এছাড়া পেস ইউনিটে তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ সঙ্গী হতে পারেন তার। স্পিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গী হতে পারেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন/ শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।








